News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় আইন চালু করে রাজ্য সরকার বেড়ি পরাতে চলছে ই-রিক্সাকে
Image

কেন্দ্রীয় আইন চালু করে রাজ্য সরকার বেড়ি পরাতে চলছে ই-রিক্সাকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ ই-রিক্সাগুলিকে বেড়ি পরাতে চলেছে রাজ্য সরকার৷ কেন্দ্রীয় আইন হুবহু চালু করে ই-রিক্সাগুলিকে মোটর ভেহিক্যালস অ্যাক্টের আওতায় আনার বিষয়ে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ ফলে, এখন থেকে ই-রিক্সা চালাতে প্রয়োজন রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ইন্সুরেন্স এবং পারমিট৷ শুধু তাই নয়, ই-রিক্সার জন্য দিতে হবে রোড ট্যাক্স এবং ভাড়াও নির্ধারণ করে দেবে রাজ্য সরকার৷ মোট কথা, অটোর মতোই ই-রিক্সাগুলিকেও নিয়ন্ত্রণ করতে চলেছে রাজ্য সরকার৷ তাতে নতুন সংযোজন হল, শহরের মূল সড়ক এবং জাতীয় সড়কে ই-রিক্সা চলাচলে বিধিনিষেধ আরোপ করা হবে৷ পূর্বতন সরকারের আমলেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হলেও, তা ফাইল বন্দি করে রাখা হয়েছিল৷ বিজেপি-আইপিএফটি জোট মন্ত্রিসভা সেই সিদ্ধান্ত এক সাথে বাস্তবায়নে সবুজ সংকেত দিয়েছে৷

বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ তাঁর নিজ অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলি জানিয়েছেন৷ তিনি বলেন, দীর্ঘকাল ধরে ই-রিক্সার জন্য নির্দিষ্ট কোন গাইডলাইন ছিল না৷ ফলে, তারা যেমন খুশি চলাচল করছে৷ তাতে দেখা যাচ্ছে, বিভিন্ন সময়ে ই-রিক্সা দূর্ঘটনার কবলে পড়ছে৷ যাত্রীদের ক্ষয়ক্ষতি হচ্ছে৷ কিন্তু, আইনের গ্যাড়াকলে ই-রিক্সাগুলির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যাচ্ছিল না৷ তাই, এখন রাজ্য সরকার ই-রিক্সাগুলিকেও মোটর ভেহিক্যালস অ্যাক্টের আওতায় নিয়ে আসছে৷ কেন্দ্রীয় আইন রাজ্য সরকার হুবহু বাস্তবায়ন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে৷ শিক্ষামন্ত্রীর কথায়, রাজ্য মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে৷

ফলে, এখন থেকে ই-রিক্সাগুলিও আইন মেনে চলতে হবে৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কোন ই-রিক্সা ৪ জনের বেশি যাত্রী বহন করতে পারবে না৷ ৪০ কেজি ওজনের বেশি পণ্য সামগ্রী বহন করা যাবে না৷ প্রতিটি ই-রিক্সার মোটরের ক্ষমতা সর্বোচ্চ ২০০০ ওয়াট হতে পারবে এবং গতি প্রতি ঘন্টায় সর্বোচ্চ ২৫ কিমি’র বেশি হতে পারবে না৷ সাথে তিনি যোগ করেন, এখন থেকে প্রত্যেক ই-রিক্সার জন্য রেজিস্ট্রেশন এবং পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে৷ পাশাপাশি প্রত্যেক ই-রিক্সা চালকের ড্রাইভিং লাইসেন্স এবং ই-রিক্সার ইন্সুরেন্স অবশ্যই থাকতে হবে৷ শুধু তাই নয়, ই-রিক্সার জন্য রোড ট্যাক্সও দিতে হবে৷ তাঁর কথায়, ই-রিক্সাগুলিকে মোটর ভেহিক্যালস অ্যাক্টের আওতায় আনার বিষয়ে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ ফলে, এখন থেকে ই-রিক্সার ভাড়াও নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার৷

শিক্ষামন্ত্রী আরো জানান, ই-রিক্সা মূল সড়ক এবং জাতীয় সড়কে চলাচলে বিধিনিষেধ আরোপ বিষয়ে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ তাঁর কথায়, পূর্বতন সরকারের আমলেই এবিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছিল৷ কিন্তু, কোন কারণে তা বাস্তবায়ন হয়নি৷ বিষয়টি ফাইল বন্দি রাখা হয়৷ তাঁর বক্তব্য, ই-রিক্সা নিয়ে পূর্বতন সরকারের আমলে জনৈকা লিপিকা দাস সিনহা উচ্চ আদালতে মামলা করেছিলেন৷ ওই মামলায় উচ্চ আদালত তদানিন্তন রাজ্য সরকারকে নির্দিষ্ট নিয়ম তৈরি করে লাগু করার জন্য নির্দেশ দিয়েছিল৷ তাতে, ওই সময়ে ই-রিক্সা চলাচলের ক্ষেত্রে কেন্দ্রীয় আইন অনুসরণ করে বিধিনিষেধ আরোপ করেছিল তৎকালীন সরকারের পরিবহন দপ্তর৷ বিজ্ঞপ্তি জারি করে সদর, মোহনপুর, জিরানীয়া, তেলিয়ামুড়া এবং খোয়াই মহকুমায় মূল সড়ক এবং জাতীয় সড়কে ই-রিক্সা চলাচল নিষিদ্ধ ঘোষণা দিয়েছিল৷ পরিবহন দপ্তরের তদান্তিন অবর সচিব এম দেবনাথের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুসারে সদর মহকুমায় পশ্চিম জেলার সমস্ত জাতীয় সড়ক, বটতলা থেকে চন্দ্রপুর আইএসবিটি ভায়া কামান চৌমুহনী ও পুরাতন মোটর স্ট্যান্ড, বটতলা থেকে এয়ারপোর্ট ভায়া দূর্গা চৌমুহনী, ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে পুরাতন মোটর স্ট্যান্ড ভায়া জ্যাকসন গেইট, জি বি থেকে পুরাতন মোটর স্ট্যান্ড ভায়া অভয়নগর, এ ডি নগর থেকে ক্যাম্পের বাজার, জি বি বাজার থেকে নাগেরজলা ভায়া উত্তর গেইট ও আরএমএস চৌমুহনী, রাধানগর থেকে এয়ারপোর্ট ভায়া লিচুবাগান, রাধানগর থেকে পুরাতন মোটর স্ট্যান্ড ভায়া উত্তর গেইট ও ওমেন্স কলেজ এবং শঙ্কর চৌমুহনী থেকে পুরাতন মোটর স্ট্যান্ড ভায়া কর্ণেল চৌমুহনী, বিদুরকর্তা চৌমুহনী এবং এল এস বাড়ী রোড এই রাস্তাগুলি দিয়ে ই-রিক্সা চলাচল করতে পারবে না৷ পাশাপাশি মোহনপুর ও জিরানীয়ায় জাতীয় সড়ক এবং তেলিয়ামুড়া ও খোয়াই মহকুমাতে বেশ কিছু রাস্তায় ই-রিক্সা চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল৷ পূর্বতন সরকারের গৃহিত সিদ্ধান্ত বর্তমান জোট সরকার বাস্তবায়ন করবে বলে মন্ত্রিসভা সায় দিয়েছে, জানান শিক্ষামন্ত্রী৷ সাথে যোগ করেন, কেন্দ্রীয় আইন এবং উচ্চ আদালতের নির্দেশ মেনেই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷

এদিন শিক্ষামন্ত্রী পূর্বতন সরকারের ভূমিকায় উষ্মা প্রকাশ করেছেন৷ তাঁর কথায়, কাদের স্বার্থ রক্ষায় উচ্চ আদালতের নির্দেশ সত্বেও বিজ্ঞপ্তি জারি করেও তা বাস্তবায়ন করেনি তদানিন্তন সরকার, সে বিষয়টি খুবই রহস্যজনক৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top