News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত উপনির্বাচনকে কেন্দ্র করে বিরোধীরা কোণঠাসা হলেও রক্তাক্ত শাসক দল, ক্ষমতাসীন বিজেপি-আইপিএফটির শরিকি সংঘর্ষে রাজ্যজুড়ে হিংসার আগুন, কাদানে গ্যাস, লাঠি, আহত বহু
Image

পঞ্চায়েত উপনির্বাচনকে কেন্দ্র করে বিরোধীরা কোণঠাসা হলেও রক্তাক্ত শাসক দল, ক্ষমতাসীন বিজেপি-আইপিএফটির শরিকি সংঘর্ষে রাজ্যজুড়ে হিংসার আগুন, কাদানে গ্যাস, লাঠি, আহত বহু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন বিজেপি – আইপিএফটির শরিকি সংঘর্ষে রাজ্য জুড়ে হিংসার আগুন ছড়িয়ে পড়েছে৷ এই উপনির্বাচনকে কেন্দ্র করে বিরোধীরা রীতিমতো কোনঠাসা হলেও রক্ত ঝড়ছে শাসক দলের কর্মীদের৷ মঙ্গলবার উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার অন্তিম দিনে রাজ্যের একাধিক স্থানে বিজেপি ও আইপিএফটির কর্মীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন৷ আইপিএফটির বিধায়ক আক্রান্ত হয়েছেন৷ শুধু তাই নয়, তাঁর সাথে থাকা একটি গাড়িতে বিজেপি কর্মীরা আগুন লাগিয়ে দিয়েছেন৷ শরিক দলের মধ্যে সংঘর্ষের কারণে আইপিএফটি এদিন জাতীয় সড়ক অবরোধ করেছে৷ সংঘর্ষে পুলিশ কর্মীরাও আহত হয়েছেন৷ গৌরনগরে পরিস্থিতি ভয়ংকর রূপ নেওয়ায় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে৷

এদিন মনোনয়ন জমাকে কেন্দ্র করে খোয়াই জেলার গৌরনগরে বিজেপি ও আইপিএফটির মধ্যে সংঘর্ষ হয়৷ গৌরনগর পঞ্চায়েতে আইপিএফটি মনোনয়ন জমা দিতে গিলে বিজেপি কর্মীরা তাদের বাঁধা দিয়েছেন বলে অভিযোগ৷ শুধু তাই নয়, বিজেপি কর্মীরা ব্লক অফিস ঘেরাও করে রেখে আইপিএফটি কর্মীদের ঢুকতে বাঁধা দেয় বলেও অভিযোগ৷ তাতে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে৷ এই ঘটনায় পুলিশ লাঠি চার্জ করেছে৷ তাতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে৷ আহতদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গৌরনগর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন৷

এদিকে, উত্তর ত্রিপুরা জেলার যুবরাজ নগরেও মনোনয়ন জমা দেয়াকে কেন্দ্র করে বিজেপি ও আইপিএফটির মধ্যে সংর্ঘষ হয়েছে৷ জানা গেছে, মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে যুবরাজ নগর ব্লক অফিস থেকে কিছু দূরে আইপিএফটি সমর্থকদের উপর হামলা হয়৷ বিজেপিকর্মীরা হামলা করেছেন বলে আইপিএফটি অভিযোগ তুলেছে৷ তাদের অভিযোগ বিজেপি সমর্থকরা আচমকা আইপিএফটি কর্মীদের উপর হামলা চালিয়েছে৷ তাতে আইপিএফটি কর্মীরাও বিজেপি সমর্থকদের উপর পাল্টা হামলা করেছে৷ সংঘর্ষ চলাকালীন আইপিএফটি সমর্থকদের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিজেপি কর্মীরা৷ খবর পেয়ে এসডিপিও বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছান৷ এই ঘটনায় আইপিএফটি থানায় ডেপুটেশন প্রদান করেছে৷ বিজেপির বিরুদ্ধে পুলিশের কাছে তারা অভিযোগ জানিয়েছে৷ তবে, বিজেপি যুবরাজনগর মন্ডল কমিটি এই ঘটনা অস্বীকার করেছে৷ আইপিএফটি কর্মীদের উপর বিজেপি সমর্থকরা হামলা চালায়নি বলে মন্ডল নেতৃত্ব দাবি করেছেন৷

এদিকে, আইপিএফটি বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরার উপর আক্রমণের ঘটনায় দলীয় কর্মীরা মহারানি জামথুং, গঙ্গানগর, শ্রীরামপুরে রাস্তা অবরোধ করেছে৷ আইপিএফটির অভিযোগ বিজেপি সমর্থকরা জাতীয় সড়কের নাইলাহা বাড়িতে অবরোধ চলাকালীন হামলা চালিয়েছে৷ আইপিএফটির দাবি, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি সমর্থকরা বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরাকে আক্রমণের পাশাপাশি তাঁর সাথে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে৷

এদিন মনোনয়ন জমাকে কেন্দ্র করে কমলপুর এবং আমবাসা মহকুমায় সংঘর্ষের ঘটনায় আইপিএফটি কর্মীরা কমলপুরের এসডিপিও এবং কমলপুর থানার ওসির উপর আক্রমণ করেছে৷ শুধু তাই নয়, আরও তিনজনকে রক্তাক্ত করেছে আইপিএফটি সমর্থকরা৷ তাদেরকে কমলপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ অভিযোগ আইপিএফটি সমর্থকরা পুলিশের একটি রাইফেল ছিনিয়ে নিয়েছে৷

এদিন দুপুর ৩টা নাগাদ দুর্গাচৌমুহনী এবং সালেমা ব্লকে মনোনয়ন জমা দিতে গেলে বিজেপি এবং আইপিএফটির মধ্যে সংঘর্ষ বাধে৷ তাতে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়েছে৷ সাথে লাঠি চার্জও করতে হয়েছে৷ একই ধরনের ঘটনা আমবাসা এবং গঙ্গানগর ব্লকেও ঘটেছে৷

এদিকে, বিজেপি ও আইপিএফটির মধ্যে সংঘর্ষের ঘটনায় খোয়াই-কমলপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে৷ তাতে প্রচুর গাড়ি খোয়াইতে আটকে পড়েছে৷

ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়া কেন্দ্র করে শরিক দল বিজেপি ও আইপিএফটির মধ্যে দফায় দফায় সংঘর্ষে রাজ্যে অশান্তির পরিবেশ কায়েম হয়েছে৷ সাধারণ মানুষ তাতে ভিষণ আতঙ্কিত হয়ে পড়েছেন৷ প্রাক্ নির্বাচনী সংঘর্ষ শরিক দলের মধ্যে অতীতে কখনো হয়নি৷ ফলে, সাধারণ মানুষ শরিকি সংঘর্ষে দিশেহারা হয়ে পড়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top