নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি৷৷ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের রাতে নির্বাচন দপ্তরের ভাড়া করা মারুতী গাড়ীর সাথে অন্য আরেকটি মারুতী গাড়ীর সংঘর্ষ হয়েছে৷ দুর্ঘটনাটি ঘটেছে আগরতাল-সাব্রুম সড়কের জলেফায় ব্রীজের কাছে৷ রাত তখন বারটা৷ জানা গিয়েছে টিআর-০৮-এ-০৬১০ নম্বরের মারুতী গাড়ীর সাথে টিআর-০১-০৭৬৯ নম্বরের মারুতী গাড়ীর সংঘর্ষ হয়৷ তাতে দুই গাড়ীর চালক সহ মোট চারজন আহত হয়েছেন৷ স্থানীয় জনগণ ছুটে গিয়ে সাব্রুম ফায়ার স্টেশনে খবর দেয়৷ দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সাব্রুম হাসপাতালে নিয়ে যায়৷ আহতরা হলেন, বিজয় রায়, সুবীর দাস, দীপেন দেববর্মা ও বিজয় সিং৷ সাব্রুম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিজয় রায় ও সুবীর দাসের অবস্থা সংকটজনক হওয়ায় রাতেই তাদের গোমতী জেলা হাসপাতালে রেফার করে দিয়েছেন৷ সাব্রুম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি গাড়ীই আটক করেছে৷ অন্যদিকে নির্বাচন দপ্তরের কর্মীরা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন৷ পুলিশ একটি মামলা রুজু করেছে৷
2018-02-20

