News Flash

  • Home
  • Uncategorized
  • মনোনয়ন প্রত্যাহার পাঁচ প্রার্থীর, তালিকায় নতুন নাম উঠল চার সহস্রাধিক ভোটারের
Image

মনোনয়ন প্রত্যাহার পাঁচ প্রার্থীর, তালিকায় নতুন নাম উঠল চার সহস্রাধিক ভোটারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনে ৫জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন৷ এদিকে, গত জানুয়ারি মাসে চার হাজার নতুন ভোটারের নাম নথিভুক্ত হয়েছে৷ পাশাপাশি, ভুয়ো ভোটারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে এএসডি (এবসেনটি/ সিফটেড/ ডুপ্লিকেট অথবা ডেথ) ভোটার হিসেবে চিহ্ণিত করা হয়েছে৷  শুক্রবার মহাকরণে একথা জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তী৷

এদিন তিনি জানান, চারজন নির্দল প্রার্থী এবং একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন৷ তাঁরা হলেন, বাগমা কেন্দ্রে নির্দল প্রার্থী পূর্ণমোহন জমাতিয়া, সাব্রুম কেন্দ্রে অলক ভট্টাচার্য, করবুক কেন্দ্রে মনোরঞ্জন ত্রিপুরা, পাবিয়াছড়া কেন্দ্রে সুব্রত মালাকার এবং রাজনগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিমল চন্দ্র দাস৷ মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, শনিবার মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন৷

এদিকে, গত জানুয়ারি মাসে চার হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন৷ এবিষয়ে মুখ্য নির্বাচন আধিকারিক বলেন, ফর্ম-৬ এর মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার জন্য অনেকেই আবেদন জানিয়েছিলেন৷ তাদের মধ্যে শুধু জানুয়ারী মাসেই চার হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন৷ পাশাপাশি তিনি জানান, এবারই প্রথম সুনির্দিষ্ট নাম উল্লেখ করে ভুয়ো ভোটারের অভিযোগ জানানো হয়েছে৷ সমস্ত অভিযোগ সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে সময়ের মধ্যেই পাঠানো হয়েছে ব্যবস্থা গ্রহণ করার জন্য৷ ইতিমধ্যে এই প্রক্রিয়া সমাপ্ত হয়েছে৷ তাতে, কিছু মৃত অথবা ডুপ্লিকেট ভোটার, অন্যত্র রয়েছেন এমন ভোটার প্রমাণিত হয়েছে৷ তবে, চুড়ান্ত ভোটার তালিকা থেকে তাদের নাম এখন বাদ দেওয়া সম্ভব নয়৷ কারণ, নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর কোন ভোটারের নাম বাদ দেওয়ার অনুমতি দেয়না রাজ্য নির্বাচন দপ্তরকে৷ তাই, কমিশনের নির্দেশিকা মোতাবেক ঐ ভোটারদের এএসডি ভোটার হিসেবে চিহ্ণিত করা হয়েছে৷ এএসডি ভোটার লিস্টে তাদের নাম আগামীকালের মধ্যেই প্রকাশিত হবে৷ তাছাড়া, নতুন ভোটারদেরও নাম তালিকায় আগামীকালই প্রকাশিত হবে৷

শ্রীরাম তরণীকান্তী জানিয়েছেন, ভোটার তালিকায় হদিশ না পাওয়া কোন ব্যক্তির নাম থাকলে ভোটার তালিকায় এই নামের পাশে ‘এ’ লিখে দেওয়া হবে৷ অর্থাৎ এবসেন্ট৷ অনুরূপভাবে ভোটার তালিকা থেকে নাম অন্যত্র সরিয়ে নিলে সেখানে ‘এস’ লিখে দেওয়া হবে, অর্থাৎ শিফটেড৷ আর মৃত হিসাবে চিহ্ণিত ভোটারের নামের পাশে ‘ডি’ লেখা থাকবে, অর্থাৎ ডেথ৷ তিনি আরও জানান, এই ভোটাররা ভোট কেন্দ্রে এলে তাদের অনেক প্রশ্ণের সম্মুখীন হতে হবে৷ তাঁর কথায়, এএসডি ভোটার লিস্টে নাম রয়েছে এমন ভোটাররা ভোট দিতে আসলে ভোট গ্রহণ কেন্দ্রে প্রিসাইডিং অফিসার তাদের দুই দফায় পরিচয় পত্রের প্রমাণ খতিয়ে দেখবেন৷ বৈধ ভোটার প্রমাণিত হওয়ার পরই তাঁরা ভোট দিতে পারবেন৷ মুখ্য নির্বাচন আধিকারিকের মতে, এমনও ভোটার রয়েছেন যারা বহিঃরাজ্যে কিংবা বিদেশে কর্মরত৷ তাদের নাম এখন এএসডি তালিকায় তোলা থাকবে৷ তাঁরা রাজ্যের ভোটার হিসেবে নিজেদের প্রমাণ করতে সক্ষম হলেই ভোট দিতে পারবেন৷

এদিকে, আগামী ৭ ফেব্রুয়ারী সারা রাজ্যে ভিভিপ্যাট ও ইভিএম কমিশনিং হবে৷ ঐ সময় ১২১ জন ইঞ্জিনিয়ার প্রয়োজন বলে কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে৷ পাশাপাশি, ভোটের  দিন ৩৭৫ জন ইঞ্জিনিয়ার কমিশনের কাছে চাওয়া হয়েছে৷ মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, আগামী ৪ ফেব্রুয়ারী পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে সর্বদলীয় বৈঠক হবে৷ তিনি জানান, প্রায় ৫০ হাজার পোস্টাল ব্যালট ছাপতে দেওয়া হবে৷ এদিন তিনি আরো জানিয়েছেন, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছে তার তদন্ত রিপোর্ট ঊনকোটি জেলার নির্বাচন আধিকারিক পাঠিয়েছেন৷ এই রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপের প্রক্রিয়া চলছে৷ অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক তাপস রায় এবিষয়ে জানিয়েছেন, ঊনকোটি জেলা নির্বাচন আধিকারিকের রিপোর্ট অনুযায়ী অরুণাচলের মুখ্যমন্ত্রী সেদিন একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন৷ এর সাথে রাজনীতির কোন যোগাযোগ নেই৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top