পুলিশের নজরদারী থেকে ফেরার বিচারাধীন বন্দি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ জিবি হাসপাতালের শৌচাগারের দেওয়াল ভেঙ্গে পালিয়ে গেছে এক বিচারাধীন বন্দি৷ এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ণের মুখে পড়েছে রাজ্য পুলিশ৷ জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে খুনের দায়ে অভিযুক্ত বিচারাধীন বন্দি ননি নমশূদ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ তার সঙ্গে পালা করে দুজন করে রক্ষীও থাকত৷ আজ বুধবার বিকালের দিকে সে শৌচাগারে যায়৷ দীর্ঘক্ষণ সে ফিরে না আসায় রক্ষীরা শৌচাগারের দরজায় গিয়ে তাকে ডাকতে থাকেন৷ কিন্তু, কোনও সাড়া না পাওয়ায় পড়ে দরজা ভাঙ্গা হয়৷ কিন্তু, ততক্ষণে বিচারাধীন বন্দি ননি শৌচাগারের দেওয়াল ভেঙ্গে অনেক দূর পালিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে৷ সে যে তার বিছানায় নেই এবং শৌচালয় থেকে যে ফেরেনি তা জানাজানি হয় বেপাত্তা হওয়ার প্রায় দুই ঘন্টা পর৷ তার খোঁজে তল্লাশী শুরু হয়েছে৷