হাইকোর্টের রায়কে অমান্য ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত নার্সিং কলেজে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হবার কথা ছিল ১৭ জুলাই সোমবার৷ সব কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ইতিমধ্যে পেয়ে গিয়েছে৷ কিন্তু ত্রিপুরা সুন্দরী কলেজ অব নার্সিং, তোলাকোনা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোন অ্যাডমিট কার্ড পায়নি৷ হতাশ হয়ে তারা এডুকেশন ডিরেক্টর এবং হেলথ ডিরেক্টরের সঙ্গে দেখা করতে চেষ্টা করেন৷ কোনরূপ আশ্বাস না পেয়ে ছাত্রছাত্রীরা শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে সাক্ষাৎকার করার সুযোগ পায়৷ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবকে এ ব্যাপারে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দেন৷ কিন্তু তাতে কোন প্রকার ফল না হওয়ায় পরিশেষে ত্রিপুরা সুন্দরী নার্সিং কলেজ কর্তৃপক্ষ হাইকোর্টের শরণাপন্ন হয়৷ হাইকোর্ট ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং নার্সিং কলেজের বক্তব্য শুনে রায় প্রদান করে৷ সে অনুযায়ী ১৭ই তারিখ ফাস্ট ইয়ার নার্সিং পরীক্ষায় সুন্দরী কলেজের ছাত্রছাত্রীরা বসতে পারবে বলে চূড়ান্ত হয়৷ হাইকোর্টের রায়ের কপি পেয়ে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অঞ্জন কুমার ঘোষ, রেজিস্টার শানিত দেবরায় দফায় দফায় মিটিংয়ে বসেন৷ পরবর্তী সময়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে সিদ্ধান্তের কথা জানিয়ে দেন বঞ্চিত ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া সম্ভব নয়৷ পড়ে কখন পরীক্ষা নেয়া হবে তা যথা সময়ে জানিয়ে দেওয়া হবে৷ এর পরিপ্রেক্ষিতেই আদালত অবমাননার অভিযোগ উঠে৷