নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ অসম-আগরতলা জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধের সপ্তম দিনে রবিবার আইপিএফটির আন্দোলনকারীদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন৷ তাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ ফলে আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ আরও বৃদ্ধি পেয়েছে৷ অবরোধ স্থল খামতিং বাড়ি থেকে জানা গেছে, বড়মুড়ার পাদদেশে চলতি অবরোধে সামিল আন্দোলনকারীরা চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিন কাটাচ্ছেন৷ আশপাশের জঙ্গলের মধ্যে তাঁবু খাটিয়ে কোন করম তারা অবস্থান করছে৷ অনেকেই জাতীয় সড়কেই রাত কাটাচ্ছেন৷ চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলছে খাওয়া দাওয়া৷ পরিশোধিত পানীয় জলেরও তীব্র সংকট রয়েছে৷ এই অবস্থায় গতকাল থেকে বেশ কয়েকজন গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েছেন৷ আন্দোলনের দ্বিতীয় দিন থেকেই অনেকে অসুস্থ ছিলেন৷ এখন তাদের অবস্থার অবনতি হয়েছে৷ বেশ কয়েকজনকে সরকারী এম্বুলেন্সে করেই স্বশাসিত জেলা পরিষদের সদর দফতর খুমুলুঙ হাসপাতালে পাঠানো হয়েছে৷ এই অবস্থায় আন্দোলনকাীরদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে৷ অন্যদিকে, আজ সকাল থেকে অবরোধ স্থলে ও তার কাছাকাছি এলাকায় সুরক্ষা বাহিনীর মোতায়েন আরও বৃদ্ধি করা হয়েছে৷ যে কোন অপ্রীতিকর পরিস্থিতির মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকতে রাজ্য প্রশাসন থেকে নির্দেস দেওয়া হয়েছে৷
2017-07-17

