নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২২ এপ্রিল৷৷ এবছর রাজ্যের জন্য অশনি সংকেত৷ বিষাক্ত হাওয়া বইছে রাজ্যে৷ মানুষে মানুষে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে৷ এই কথাগুলি বলে জনগণকে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছেন পুর্তমন্ত্রী বাদল চৌধুরী৷ তিনি আরও বলেন, রাজ্যে কোন সন্ত্রাসবাদী কার্যকলাপ নেই, তারপরও মানুষের মধ্যে ধর্মের নামে বিভাজনের চেষ্টা চলছে৷ সব ধর্মের জনগণকে একজোট হয়ে থাকতে হবে৷ কোন বিভেদকামী শক্তির প্ররোচনায় পা না দেওয়ার জন্য তিনি রাজ্যের সমস্ত অংশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন৷
শনিবার বিলোনীয়ার ঋষ্যমুখ ব্লকের অধীন নলুয়ায় বর্ষবরণ-লোকসংসৃকতি-পান উৎসবের উদ্বোধন করে পুর্তমন্ত্রী বাদল চৌধুরী বক্তব্য রাখেন৷ এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিজেপি কেন্দ্রের সরকার প্রতিষ্ঠার আগে নির্বাচনের সময় দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকারে আসার পর প্রতি বছর এক কোটি বেকারর চাকুরীর ব্যবস্থা করা হবে৷ তিন বছরে কেন্দ্রীয় সরকার মাত্র এক লক্ষ বেকার যুবক যুবতীর চাকুরীর ব্যবস্থা করেছে৷ শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির ফলে দেশে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ রেগায় ত্রিপুরার বরাবরই সাফল্যের সাথে কাজ করেছে৷ কিন্তু, এবারে কেন্দ্রীয় সরকার রেগায় বরাদ্দ কমিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বাদলবাবু৷ তিনি বলেন, রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে৷ অন্যদিকে, বাদল চৌধুরী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন মোদি সরকার দেশের ধর্মনিরপেক্ষতাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে৷ দেশে সমস্ত ধর্মের লোকদের বসবাস৷ এখানে হিন্দু ধর্মের একাধিপত্য স্থাপনের চেষ্টা করা হচ্ছে৷ আর তার প্রভাব এরাজ্যেও পড়ছে৷ আরএসএস সহ বেশ কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাজ্যের বিভিন্ন স্থানে ঘাঁটি তৈরী করে বসেছে৷ তারা ধর্মের নামে বিভাজন সৃষ্টির জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এদের প্রতিরোধ করার জন্য বাদল চৌধুরী আহ্বান জানিয়েছেন৷ তিনি, বলেন রাজ্যে বিষাক্ত হাওয়া ঢুকছে৷ তাকে প্রতিহত করার জন্য সব ধর্মের জনগণকে এগিয়ে আসতে হবে৷ প্রসঙ্গত, নলুয়াতে ২৫ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন সংরক্ষণাগারের উদ্বোধন হয়েছে এদিন৷ এই সংরক্ষণাগারে ২০ মেট্রিক টন পান এবং ৫ মেট্রিক টন তরমুজ সংরক্ষণ করা যাবে৷ এই সংরক্ষণাগার নির্মাণে ব্যয় হয়েছে ৬৬ লক্ষ টাকা৷ কৃষি দপ্তরের উদ্যোগে এই সংরক্ষণাগারটি গড়ে উঠায় মহকুমার প্রায় চার হাজার পান চাষী উপকৃত হবেন বলে কৃষি দপ্তরের এক আধিকারীক জানিয়েছেন৷
2017-04-23
