নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ প্রতিনিয়ত বাড়ছে রাজধানী আগরতলার জনসংখ্যা৷ ফলে, যানজট এড়াতে

আগামীদিনে আরো উড়ালপুলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছেন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী৷ শুক্রবার সকালে তিনি বটতলায় নির্মিয়মান উড়ালপুলের নির্মাণ পরিদর্শনে যান৷ সেখানে গিয়ে কাজের গতি প্রকৃতি সম্পর্কে খোজ খবর নিয়েছেন৷ পাশাপাশি কাজ শেষ হতে আরো কত সময় লাগতে পারে সে বিষয়েও খোজ খবর নিয়েছেন৷ নির্মাণকারী সংস্থার আধিকারীকদের সাথে আলোচনা করে তিনি জানতে পেরেছেন, আগামী নভেম্বরের মধ্যে উড়ালপুলের নির্মাণ সম্পূর্ণ হয়ে যাবে৷ তারপর অন্যান্য কিছু কাজ শেষ করতে আরো মাস দেড়েক সময় লাগতে পারে৷ সব কাজ পুরোদমে সমাপ্ত হওয়ার পরই রাজ্যবাসীর উদ্দেশ্যে খুলে দেওয়া হবে উড়ালপুল, জানিয়েছেন পূর্তমন্ত্রী৷
এদিন তিনি, উড়ালপুলের নির্মাণ কাজে সন্তোষ প্রকাশ করেছেন৷ প্রযুক্তিগত সমস্যা হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়, আইআইটি দিল্লি এবং এনআইটি আগরতলার বিশেষজ্ঞদের মদত চাওয়া হয় বলে তিনি জানিয়েছেন৷ এই উড়ালপুল চালু আগরতলা-সাব্রুম জাতীয় সড়কে বটতলা পর্যন্ত যানজটের সমস্যা অনেকটাই কমবে৷
কথা প্রসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজধানী আগরতলায় জনসংখ্যা ক্রমশ বাড়ছে৷ বছরে গড়ে ২৫ থেকে ৫০ হাজার মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে বসতি গড়ে তুলছেন৷ এই প্রক্রিয়া থেমে থাকবে না৷ তাঁর বক্তব্য, প্রতিবছরই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রাজধানী আগরতলামুখী হবেনই৷ ফলে, জনসংখ্যা বাড়ার পাশাপাশি যানজটও সমানভাবে বাড়বে৷ তাতে, আগরতলায় আরো উড়ালপুলের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে জানিয়েছেন৷

