নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ মানসিক অবসাদগ্রস্থ এক মহিলা বিষপানে আত্মহত্যা করেছেন৷ মনু থানাধীন সিন্ধুবাজার এলাকার বাসীন্দা ঝর্ণা দত্ত (৫০) শনিবার রাতে বিষ পান করেন৷ রবিবার ভোরে তার মৃত্যু হয়েছে৷ মৃতার স্বামী অনুপদ দত্ত জানিয়েছেন, গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী ঝর্ণা দত্ত৷ সিন্ধুবাজার পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী ছিলেন তিনি৷ অনেকেই তাকে সমর্থন করেছিলেন৷ পঞ্চায়েতটি কংগ্রেসের দখলে গেলেও ৭ ভোটের ব্যবধানে তিনি পরাজিত হয়েছিলেন৷ তার স্বামীর বক্তব্য, নির্বাচনে পরাজিত হওয়ার ফলে ভিষণ অপমানিত বোধ করতেন ঝর্ণা দত্ত৷ এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন৷ অনেক বোঝানো হলেও প্রায় সময়ই আবোল তাবোল কথা বার্তা বলতেন তিনি৷ শনিবার রাতে বাড়ির সকলের নজর এড়িয়ে তিনি বিষ খেয়ে নেন৷ বিষয়টি টের পেয়েই তাকে প্রথমে মনু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল৷ চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ কিন্তু, জি বি হাসপাতালে নিয়ে এসেও শেষ রক্ষা হয়নি৷ রবিবার ভোর চারটে নাগাদ তাঁর মৃত্যু হয়েছে৷
2017-04-17

