নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ বিজেপির পক্ষে উকালতি করলেন কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন বিরোধী দলনেতা রতন লাল নাথ৷ তিনি দৃঢ়তার সাথে দাবি করলেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি এরাজ্যে সরকার গঠন করবে৷ বৃহস্পতির আগরতলায় একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে কংগ্রেসের এই প্রবীণ নেতা বিজেপির হয়েই সওয়াল করলেন৷
এদিন তিনি বলেন, রাজ্যে ক্রমাগত দলত্যাগের হিড়িক পড়েছে৷ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এমনকি সিপিএম ছেড়েও মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন৷ তাঁর বক্তব্য, মানুষ এরাজ্যে পরিবর্তন চাইছে৷ দীর্ঘদিনের বাম শাসনে এরাজ্যের জনগণ তিতিবিরক্ত হয়ে পড়েছেন৷ ফলে, বিকল্পে হিসেবে বিজেপিকেই তারা বেছে নিচ্ছেন৷ জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বিজেপিকে বিকল্প হিসেবে তুলে ধরার যথেষ্ট প্রাসঙ্গিকতা রয়েছে বলে তিনি দাবি করেন৷ তাই তাঁর দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচনে সিপিএমকে একমাত্র বিজেপিই টেক্কা দিতে পারবে৷
গত বিধানসভা অধিবেশন থেকেই বিজেপির প্রতি নরম মনোভাব লক্ষ্য করা যাচ্ছে রতন লাল নাথের মধ্যে৷ বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় সরকারের হয়ে তিনি উকালতি করেছেন৷ সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন বলে খবর রটেছে৷ তবে, এখনই বিজেপিতে যাওয়ার ঝঁুকি নিচ্ছেন না পোড় খাওয়া এই রাজনীতিবিদ৷ কিন্তু, এদিন তিনি যেভাবে টিভির পর্দায় বিজেপির পক্ষে সওয়াল করেছেন তাতে ধরণা করা হচ্ছে খুব শীঘ্রই গেরুয়া শিবিরে যাচ্ছেন রতন লাল নাথ৷
2017-04-14

