দুর্নীতি, স্বজন পোষণ ও উপজাতি বিদ্বেষের অভিযোগ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য্যের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ দুর্নীতি, কেলেংকারী, স্বজন পোষণ এবং উপজাতি বিদ্বেষের অভিযোগ এনে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যকে বিঁধেছে তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন তথা টিএসএফ৷ বৃহস্পতিবার এই মর্মে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যকে মেমোরেন্ডাম তুলে দিয়েছে এই ছাত্র সংগঠনটি৷ পাশাপাশি দাবী জানিয়েছে, সমস্ত অভিযোগের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে৷ অন্যথায় উপাচার্য্যের পদত্যাগ দাবী করেছে টিএসএফ৷
এদিন, টিএসএফের মেমোরেন্ডামে বলা হয়েছে, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য্যের ভূমিকায় সংগঠন খুবই অসন্তুষ্ট৷ বিশেষ করে উপজাতি অংশের ছাত্রছাত্রীদের প্রতি তাঁর আচরণ শ্রদ্ধাশীল ও দয়াশীল না হওয়ায় টিএসএফ তীব্র ভাষায় এর নিন্দা জানিয়েছে৷ মূলতঃ এদিন টিএসএফ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এদিন বিভিন্ন শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে অনিয়ম এবং দুর্নীতির বিষয়টি নিয়েই সোচ্চার হয়েছে৷ এই দুর্নীতির কারণে রাজ্যের ছেলে মেয়েরা বঞ্চিত হয়েছেন৷ যেসমস্ত নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের প্রথা রয়েছে সেখানেও দুর্নীতির অভিযোগ এনেছে টিএসএফ৷ তারা মনে করে, উপাচার্য্যের এই ভূমিকায় উপজাতি অংশের বেকারদের প্রতি বিদ্বেষের প্রমাণ রাখছে৷ সংগঠনের তরফে আরও অভিযোগ করা হয়েছে রাজ্যের ছেলে মেয়েদের চাকুরী দেওয়ার বদলে বহিঃরাজ্য থেকে লোক এনে নিয়োগ করা হচ্ছে৷ বিশ্ববিদ্যালয়ের এই ভূমিকা রাজ্যের বেকারদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে বলে টিএসএফের অভিযোগ৷ স্বজন পোষণেরও অভিযোগ এনেছে ছাত্র সংগঠনটি৷ তাদের বক্তব্য, নিজেদের পছন্দের প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ে চাকুরীর সুযোগ করে দেওয়া হচ্ছে৷ অথচ বহু যোগ্য প্রার্থী রয়েছেন যারা দীর্ঘদিন ধরে চাকুরীর জন্য আবেদন জানানো সত্বেও তাদের নিয়োগ করা হচ্ছে না৷ সম্প্রতি মিডিয়া কাম পাবলিক রিলেশন কনসালটেন্ট নিয়োগের ক্ষেত্রেও টিএসএফ স্বজন পোষণের অভিযোগ এনেছে৷ নিয়োগ প্রক্রিয়ায় যে শর্তাবলী রয়েছে তা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মতো সংস্থায় যৌক্তিকতা নেই৷ টিএসএফের বক্তব্য ঐ পদে নিয়োগের ক্ষেত্রে বয়ঃসীমা ৪৫ এর অধিক রাখা হয়েছে৷ কিন্তু, নিয়মানুসারে ৩০ বছরের অধিক এবং ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকেই এই পদে নিয়োগ করা যাবে৷ টিএসএফ ঐ নিয়োগ বাতিল করে নতুন করে প্রক্রিয়া শুরু করার দাবী জানিয়েছে৷ টিএসএফ এনইটি/এসইটি পরীক্ষায় ককবরক ভাষা অন্তর্ভুক্তির দাবী জানিয়েছে৷ এই সমস্ত দাবী অবিলেম্ব পূরণ না হলে অঞ্জন কুমার ঘোষকে উপাচার্য্যের পদ থেকে পদত্যাগ করতে হবে বলে টিএসএফ হুমকি দিয়েছে৷