নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন রেগায় বরাদ্দ কমিয়ে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের তথ্য সম্বলিত বঞ্চনার চিত্র কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে চিঠি দিয়ে জানানোর জন্য৷ সেই মোতাবেক রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী নরেশ জমাতিয়া রেগায় শ্রমদিবস বৃদ্ধির আর্জি চিঠি দিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে জানিয়েছেন৷ অথচ চিঠিতে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া গেল না৷
গত ২৯ মার্চ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে লেখা চিঠিতে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী বলেছেন, ২০১৭-১৮ অর্থ বছরে সেপ্ঢেম্বর পর্যন্ত লেবার বাজেটে রেগায় ১ কোটি ৮৬ লক্ষ টাকা বরাদ্দ করায় জনগণের কাছে ভূল বার্তা যাচ্ছে৷ গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া বাজেটে বরাদ্দ বাড়িয়ে ২ কোটি ২৭ লক্ষ টাকা বরাদ্দ করার জন্য আর্জি জানিয়েছেন৷
তিনি দাবি করেন, ২০১২-১৩ অর্থ বছর থেকে ২০১৫-১৬ অর্থ বছর পর্যন্ত লাগাতর তিন বছর ত্রিপুরা রেগায় সারা দেশে শীর্ষস্থান দখল করেছে৷ রাজ্যের গ্রামীণ অর্থনীতিতে রেগার বিরাট প্রভাব রয়েছে৷ শ্রমদিবস কমিয়ে দেওয়া হলে রেগা শ্রমিকরা অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্থ হবেন৷
চিঠিতে তিনি আরও দাবি করেন, ২০১৭-১৮ অর্থ বছরে রেগায় ৬ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ করতে হবে৷ তাতে তিনি ৯০ শ্রমদিবসের জন্য অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন৷ অথচ আশ্চর্যের বিষয় হল, রেগায় শ্রমদিবস কেন কমানো হল তার কোন কারণ জানতে চাওয়া হয়নি৷ অবশ্য যদি কারণ আগেই বলা হয়ে থাকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে, তাহলে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির নিরিখে কেন্দ্রের যুক্তি কেন গ্রহণযোগ্য নয় কিংবা রাজ্যের পক্ষে মানা সম্ভব নয়, সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলা হয়নি৷ কেবল টানা তিন বছর রেগায় শীর্ষস্থান দখলের ভাঙ্গা রেকর্ড বাজালেই কেন্দ্র থেকে বাড়তি বরাদ্দ আদায় করা সম্ভব নয়, এমনটাই মনে করছেন তথ্যভিজ্ঞ মহল৷ সূত্রের বক্তব্য, কেন্দ্র রাজ্যকে স্পষ্ট জানিয়ে দিয়েছে শ্রমদিবস কেন কমানো হয়েছে৷ তবে, শ্রমদিবস বৃদ্ধির নির্দিষ্ট শর্ত আরোপ করা হয়েছে৷ কিন্তু রাজ্যের পক্ষে তা মেনে নেওয়া সম্ভব নয়৷
2017-04-05
