নয়াদিল্লি ও কলকাতা, ২৩ জানুয়ারি (হি.স.): জন্মজয়ন্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি ওডিশা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু| সোমবার নেতাজির ১২১ তম জন্মদিন| এদিন সকাল ৭.০৩ মিনিট নাগাদ নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী| একই সঙ্গে নেতাজি সংক্রান্ত ফাইল ইন্টারনেটে পাওয়া যাবে বলেও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী| টুইটারে প্রধানমন্ত্রী এদিন লিখেছেন, ‘জন্মদিনে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাই| ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে নেতাজির অবদান অনস্বীকার্য|’ টুইটারে প্রধানমন্ত্রী আরও লেখেন, দেশের সাধারণ মানুষ ও সমাজের উন্নতির জন্য নেতাজির অবদান মনে রাখার মতো| সেই রকম এক ব্যক্তিত্বের জীবন, তাঁর সংগ্রাম, তাঁর লড়াইয়ের কথা মানুষের দাবি মেনে এই সরকার প্রকাশ করতে সক্ষম হওয়ায় তিনি গর্বিত|
টুইট করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এদিন শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| টুইট করে তৃণমূল নেত্রী লিখেছেন, ‘জন্মদিনে নেতাজিকে জানাই শ্রদ্ধা| জয় হিন্দ|’
2017-01-23

