নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ ব্রডগেজে রেল পরিষেবায় আনুষ্ঠানিকভাবে সূচনা হতে চলেছে আগামী শনিবার৷ রেল মন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু শিলচর রেলওয়ে স্টেশন থেকে বদরপুর-জিরানিয়া পণ্যবাহী রেলের সূচনা করবেন ঐদিন৷ পাশাপাশি একইদিনে বদরপুর থেকে মণিপুরের জিরিবাম পর্যন্ত পণ্যবাহী রেল এবং শিলচর থেকে নয়াদিল্লি পর্যন্ত পূর্বোত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের সূচনা করবেন তিনি৷ পূর্বোত্তর রেলের সিপিআরও জানিয়েছেন, আগামী শনিবার দুপুর ২টায় এই তিনটি রেলের সূচনা করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু৷ ফলে, ব্রডগেজে রাজ্যে রেল চলাচল শুরু হয়ে যাচ্ছে আগামী শনিবার থেকে৷
ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে পাথর বোঝাই ব্যালাস্ট ট্রেন প্রতিনিয়তই ঢুকছে রাজ্যে৷ রেলপথ ব্রডগেজে সম্প্রসারণে কোন ধরনের ত্রুটিবিচ্যুতি রয়েছে কিনা তা দেখে নিচ্ছেন রেলওয়ে আধিকারিকরা৷ পূর্বোত্তর রেলের নির্মাণ শাখার মুখ্যবাস্তুকার শ্রী জাগ্গি জানিয়েছেন, বদরপুর থেকে আগরতলা পর্যন্ত রেল লাইনে কোন সমস্যা নেই৷ ফলে, পণ্যবাহী রেল আনুষ্ঠানিকভাবে শুরু করা হচ্ছে৷ তাতে সিআরএস সার্টিফিকেট মিলতে সহায়তা হবে৷ শ্রী জাগ্গি জানিয়েছেন, সেফটি কমিশনার খুব শীঘ্রই উদয়পুর পর্যন্ত রেল লাইনের পরীক্ষণ করবেন৷ তিনি জানান, সেফটি কমিশনারের ছাড়পত্র মিললেই রাজ্য থেকে যাত্রীবাহী রেল চলাচল শুরু হয়ে যাবে৷ আগামী মার্চের মধ্যেই ব্রডগেজে যাত্রীবাহী রেল পরিষেবা রাজ্যে শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷ ইতিমধ্যে স্টেশনগুলিতে সিগন্যালিং সহ অন্যান্য কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার চেষ্টা চলছে৷ শীঘ্রই সমস্ত কাজ শেষ হবে বলে জানা গেছে৷
2016-02-19

