রাজ্য নেতারা সুখ নিদ্রায় তাই কংগ্রেসের সুদীপ বর্মনকে ডেকে নিলেন খোয়াই’র আক্রান্ত তৃণমূল নেতারা

Sudip Khowai৷৷ গোপাল সিং ৷৷
খোয়াই, ১১ ফেব্রুয়ারী৷৷ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ নেতারা আদা জল খেয়ে লাগলেও ত্রিপুরায় কংগ্রেসের ভিন্ন মেজাজ সেটাই মাঠে নেমে তৃণমূল কংগ্রেসের আক্রান্তদের পাশে দাঁড়িয়ে সিপিএম উৎখাতের ডাক দিলেন বিরোধী দলনেতা তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায় বর্মন৷ কংগ্রেস নেতা শ্রীরায়বর্মনের আক্রান্ত তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের মোক্ষম বার্তা দিতে পেরেছেন৷ মঙ্গলবার রাতে খোয়াইয়ে তৃণমূল কংগ্রেসের দুটি পার্টি অফিসেই হামলা ও ভাঙচুর চালায় দুসৃকতিকারীরা৷ আজ বিরোধী দলনেতা খোয়াই ছুটে আসেন৷ দলেরই খোয়াইতে দুই দুইটি পার্টি অফিস ভাঙচুরের ঘটনার পর তৃণমূলের রাজ্য নেতারা নাকে সরষের তেল দিয়ে ঘুমিয়ে থাকলেও কংগ্রেস নেতা সুদীপ বাবু ছুটে এসে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের পাশে দাঁড়ানোয় তৃণমূলের রাজ্য নেতাদের মাথা হেট হয়ে গেছে এবং সিপিএমের অন্দরেও জোর প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের আক্রমণের বিরুদ্ধে যখন কংগ্রেস সিপিএম এককাট্টা হতে চাইছে তখন খোয়াইতে সিপিএএমর আক্রমণের ঘটনা ও আক্রান্ত তৃণমূলের পাশে কংগ্রেসের দাড়ানোর ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে যথেষ্ট প্রতিক্রিয়া আনবে এবিষয়ে সন্দেহ নাই৷
খোয়াই সফরে গিয়ে তৃণমূল কংগ্রেসের আক্রান্ত অফিস সরজমিনে দেখেন৷ বৈঠক করেন তৃণমূলের জেলা সভাপতি মনোজ দাস এবং পূর্বাঞ্চলের অঞ্চল সভাপতি সুকান্ত দেবনাথ সহ অন্যান্য তৃণমূল কর্মীদের সঙ্গে৷
পরে, বিরোধী দলনেতা সাংবাদিকদের বলেন, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা ভাঙ্গচুরের ঘটনা কাপুরুষোচিত কাজ৷ খোয়াই তৃণমূল কংগ্রেসের ডাকে তিনি এই হামলা বিধবস্ত পার্টি অফিস ঘুরে দেখছেন বলে জানান৷ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস যেখানে কংগ্রেসকে দূরে সরিয়ে রেখেছে৷ একে অপরে যখন সম্মুখ সমরে তখন আক্রান্ত তৃণমূল নেতারা কংগ্রেস নেতাকে পাশে দাঁড়াতে অনুরোধ করলেন৷ সুদীপবাবু জানান, শীঘ্রই রাজ্যের সব বিরোধী শক্তিকে এক জায়গায় নিয়ে আসা হচ্ছে৷
সুদীপবাবু বলেন, ভয়ভীতি ও সন্ত্রাসের বাতাবরণ তৈরী করে বিরোধী গণতান্ত্রিক দলগুলিকে ঘর বৈঠা করে দিতেই খুব পরিকল্পিতভাবে এগুচ্ছে সিপিএম৷ যারা জড়িত তাদের পুলিশ গ্রেপ্তার করছে না৷ উল্টে আক্রান্তদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে সিপিএমের আক্রমণকারীরা৷ বিরোধী দলনেতা আরও জানান, তিনি আগরতলায় গিয়ে পুলিশের ডিজি’র কাছে খোয়াই’র ঘটনা বিস্তারিত জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবী জানাবেন৷
এদিকে, এক প্রেস বিবৃতিতে সিপিএম খোয়াই মহকুমা কমিটি সম্পাদক পদ্ম কুমার দেববর্মা জানিয়েছেন, গত ৯ ফেব্রুয়ারী খোয়াই মহকুমার জববরটিলা বাজার এবং অফিসটিলা এলাকায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের দুইটি অফিসে ভাঙচুর হয়৷ স্থানীয় একটি অরাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে অফিসে হামলা ও পাল্টা হামলার ঘটনা সংগঠিত হয়৷ এই ঘটনার সাথে রাজনীতির কোন যোগসূত্র নেই৷ এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে খোয়াই থানায় দুটি মামলাও হয়৷ পুলিশি তদন্তক্রমে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা জন্য সিপিএম দাবি জানায়৷ যে কোন ব্যাক্তি আক্রমন বা রাজনৈতিক দলের অফিসে আক্রমন পার্টির নীতি বিরোধী কাজ৷ সিপিআইএম খোয়াই মহকুমা কমিটি এই ঘটনার তীব্র নিন্দা জানায়৷