News Flash

  • Home
  • Uncategorized
  • বিক্ষিপ্ত ঘটনায় সম্পন্ন পুণঃ নির্বাচন, শান্তিপূর্ণ মানতে নারাজ বিজেপি, ভোটাররা ছিলেন আতঙ্কে দাবি কংগ্রেস ও সিপিএমের
Image

বিক্ষিপ্ত ঘটনায় সম্পন্ন পুণঃ নির্বাচন, শান্তিপূর্ণ মানতে নারাজ বিজেপি, ভোটাররা ছিলেন আতঙ্কে দাবি কংগ্রেস ও সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ১৬৮টি বুথে রবিবার পুণঃ নির্বাচন সম্পন্ন হয়েছে৷ তবে এই পুণঃ নির্বাচন নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছে শাসক ও বিরোধী দলগুলি৷ প্রতিটি দলেরই অভিযোগের তীর নির্বাচন কমিশনের দিকে৷ দলগুলি সুষ্ঠু ও অবাধ ভোট হয়েছে বলে মানতে নারাজ৷ শাসক দল বিজেপি এই পুণঃ নির্বাচনকে শান্তিপূর্ণ মানতে নারাজ৷ অন্যদিকে, সিপিএম ও কংগ্রেসের অভিযোগ বুথের বাইরে আতঙ্কের পরিবেশ কায়েম ছিল৷
এদিকে, আজ ১-পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ১৬৮টি ভোটগ্রহণ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ করা হয়৷ আজ বিকাল পাঁচটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১৬৮টি ভোটকেন্দ্রে গড়ে ভোট পড়েছে ৭২.৩ শতাংশ৷ আজ সন্ধ্যায় রাজ্য নির্বাচন দপ্তরে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি৷ সাংবাদিক সম্মেলনে বিশেষ মুখ্য নির্বাচন আধিকারিক পি আর ভ-াচার্য এবং অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক ইউ মগ উপস্থিত ছিলেন৷


ভোটারদের হয়রানির গুজব ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছে বলে সিপিএমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে৷ কাকড়াবন-শালগড়া বিধানসভা কেন্দ্রে তুতাবাড়ি ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দিতে যেতে পারছেন না, এ ধরনের এক গুজব ছড়িয়ে দেওয়ায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা ভোটকেন্দ্র সংলগ্ণ একটি বাড়িতে ঢুকে সমস্ত রান্নার জিনিসপত্র ফেলে তছনছ করে দিয়েছে৷ শুধু তা-ই নয়, মহিলা-সহ বেশ কয়েকজনকে মারধরের অভিযোগও উঠেছে৷ বিজেপি-র মণ্ডল সভাপতি অভিষেক দেবরায় কেন্দ্রীয় আধা-সেনার মারে আহত হয়েছেন৷ বিজেপি-র ত্রিপুরা প্রদেশ কমিটি বিষয়টি বিশেষ পর্যবেক্ষক বিনোদ জুৎসির কাছে নালিশ জানিয়েছে৷ এদিকে, বাগমা এবং বিশালগড় বিধানসভা কেন্দ্রে দুই কংগ্রেস কর্মী আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে৷


আজ ত্রিপুরা পশ্চিম আসনের ১৬৮ বুথে পুণঃ নির্বাচন হয়েছে৷ সকালে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা যত গড়িয়েছে, ভোট-পরিস্থিতি ততই গরম হয়েছে৷ কাকড়াবন-শালগড়া বিধানসভা কেন্দ্রে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে এমন খবর ছড়িয়ে দেওয়া হলে কেন্দ্রীয় আধা সামরিক দৌড়ঝাঁপ শুরু করে দেয়৷ অভিযোগ, তুতাবাড়ি বুথের পাশে একটি বাড়িতে ঢুকে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা ভাঙচুর করেছে৷ বিজেপি-র মণ্ডল সভাপতি অভিষেক দেবরায়ের অভিযোগ, স্থানীয় সিপিএম কর্মী শঙ্কর পুরকায়স্থের প্ররোচনায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা বিভ্রান্ত হয়েছেন৷ তাঁর দাবি, ভোটারদের বাধা দেওয়ার কোনও ঘটনা ঘটেনি, অথচ সিপিএমের ওই কর্মী মিথ্যা গুজব ছড়িয়ে এলাকায় অস্থিরতা কায়েম করেছে৷ তাতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা তুতাবাড়ি বুথ সংলগ্ণ একটি বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে৷ মহিলা-সহ বেশ কয়েকজনকে মেরেছেও তারা৷


এদিকে, খবর পেয়ে কাকড়াবন থানার ওসি নাড়ুগোপাল দাস এবং এসডিপিও হিমাদ্রীপ্রসাদ দাস ঘটনাস্থলে ছুটে যান৷ কাকড়াবন থানার ওসি জানিয়েছেন, ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে হয়েছে৷ সামান্য গণ্ডগোল হয়েছিল৷ কিন্তু, এখন তা মিটে গেছে৷ তবে, বিজেপি-র অভিযোগ, দলীয় কর্মীরা ভোট দিতে যেতে পারছেন না৷ কেন্দ্রীয় বাহিনীই তাদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিয়েছে৷ এ ঘটনায় বিজেপি-র ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে বিশেষ পর্যবেক্ষক বিনোদ জুৎসির কাছে নালিশ জানানো হয়েছে৷ বিজেপি-র প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, সিপিএম কর্মীরা গুজব রটিয়ে ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন৷ তাদের ফাঁদে নিরাপত্তা বাহিনীও পা দিয়েছে৷ এদিনের ঘটনা সম্পর্কে বিশেষ পর্যবেক্ষক বিনোদ জুৎসিকে জানানো হয়েছে৷ কারণ, কেন্দ্রীয় বাহিনীর মারে বিনা দোষে এক বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন৷


এদিকে, বিশালগড় বিধানসভার অধীন কড়ইমুড়া এলাকায় আজ সকালে সিপাহিজলা জেলা যুব কংগ্রেস সভাপতি পাপাই চৌধুরীকে মারধর এবং তাঁর সোনার হার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে৷পাপাই চৌধুরী জানিয়েছেন, আজ সকালে কয়েকজন দুষৃকতকারী তাঁকে প্রচণ্ড মারধর করেছে৷ মারধর করে যাওয়ার সময় তাঁর কাছ থেকে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার ছিনতাই করেছে৷ তাঁর অভিযোগ, কংগ্রেস সমর্থক হওয়ায় তাঁকে মারধর করা হয়েছে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনও এই ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷ তিনি বলেছেন, ব্যাপক সন্ত্রাস হয়েছে৷ এদিকে, বাগমা বিধানসভা কেন্দ্রের অধীন ৫১ নং বুথে ভোট চলাকালীন কংগ্রেস কর্মী রাহুল দেবনাথ আক্রান্ত হয়েছেন৷ তিনি আরকেপুর থানায় অভিযোগ দায়ের করেছেন৷ তিনি জানিয়েছেন, কংগ্রেস কর্মী হিসেবে বুথের বাইরে দাঁড়িয়েছিলেন৷ বিজেপি কর্মীরা হঠাৎ এসে মারধর শুরু করেন৷ কোনওক্রমে পালিয়ে তিনি বেঁচেছেন৷


অন্যদিকে, পশ্চিম আসনের ১৬৮ বুথে পুণঃ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি বলে অভিযোগ করেছেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ এজন্য তিনি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীককে দায়ী করেছেন৷ এক সাংবাদিক সম্মেলনে নবেন্দু ভট্টাচার্য্যের দাবি, পুনর্ভোটে বিজেপি কর্মীরা যেভাবে আক্রান্ত হয়েছে, তাতে ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে মানা যায় না৷ তিনি বলেন, অধিক নিরাপত্তা বাহিনী, নির্বাচন কমিশনের একাধিক শীর্ষ আধিকারিক পুণঃ নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচনের এই অবস্থার দায় মুখ্য নির্বাচন আধিকারিক এড়াতে পারেন না৷


পুণঃ নির্বাচন নিয়ে কংগ্রেস ও সিপিএম একই সুরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে৷ কংগ্রেসের তরফ থেকে পশ্চিম আসেনর প্রার্থী সুবল ভৌমিকের অভিযোগ আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছিল দিনভর৷ বিভিন্ন স্থানে ভোটাররা ভীতসন্ত্রস্ত ছিলেন৷ গতকাল থেকেই কংগ্রেস কর্মী সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে৷ শুধু তাই নয় এদিন বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও বাইরে ছিল আতঙ্কের পরিবেশ৷ ভোটাররা ভীত সন্ত্রস্থ ছিল বলে অনেকেই ভোট দিতে যায়নি৷ তাইতাই ভোটের হার কমেছে৷ এদিকে, রবিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশ অভিযোগ করে বলেন, বুথ নিরাপদ করেই দায়িত্ব সেরে নিয়েছিল নির্বাচন কমিশন৷ বুথের বাইরেও নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ছিল৷ কিন্তু, কমিশন তা করেনি৷ তাই এই পুণঃ নির্বাচন আতঙ্কের মধ্যে কেটেছে এবং তিনি দাবি করেন এই পুণঃ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top