News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব আসনে ভোটে চরম অশান্তির আশংকা, ভোট রিগিং রুখতে বন্দুক কিংবা কামান হাতে মোকাবেলার নিদান দিলেন ক্ষুব্ধ বাম নেতারা
Image

পূর্ব আসনে ভোটে চরম অশান্তির আশংকা, ভোট রিগিং রুখতে বন্দুক কিংবা কামান হাতে মোকাবেলার নিদান দিলেন ক্ষুব্ধ বাম নেতারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ নির্বাচনে প্রহসনের অভিযোগ এনে পূর্ব আসনে ভোটে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছে বামফ্রন্ট-কংগ্রেস উভয় দলই৷ পূর্ব আসনে ভোটারদের মেজাজ আলাদা৷ তাই, বামেরা এক কদম এগিয়ে প্রয়োজনে কামান কিংবা বন্দুক হাতে নিয়ে মোকাবিলা করার নিদান দিয়েছে৷ তাতে, পূর্ব আসনে ভোটে চরম অশান্তির আশঙ্কা করা হচ্ছে৷

রাজ্যে শাসক দল বিজেপির বিরুদ্ধে পশ্চিম আসনে ভোটে প্রহসনের অভিযোগ এনেছে বিরোধী দল সিপিএম ও কংগ্রেস৷ নির্বাচন কমিশনে ব্যাপক রিগিংয়ের অভিযোগ জানিয়েছে তারা৷ তাৎপর্য্যপূর্ণ বিষয় হল, পশ্চিম আসনে সমতলে বিজেপি রিগিং করতে পেরেছে বলে দাবি সিপিএমের৷ সেক্ষেত্রে পূর্ব আসনে চতুর্মুখী লড়াইয়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য কামান কিংবা বন্দুক তুলে নেওয়ার ডাক, ভোটে অস্থিরতা বাড়ানোর দিকেই ইঙ্গিত বলে ওয়াকিবহাল মহলের ধারণা৷

পশ্চিম আসনে ভোটে দেখা গিয়েছে, জোট শরিক আইপিএফটি কর্মীরা বিজেপি কর্মীদের উপর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে আক্রমণ করেছে৷ একথা অস্বীকার করার কোন উপায় নেই, সমতলে বিজেপি যতটা মজবুত, পাহাড়ে ঠিক ততটা সংগঠন বিস্তার করতে পারেনি৷ বিধানসভা নির্বাচনে আইপিএফটি’কে সাথে নিয়ে পাহাড়েও বামেদের পরাস্ত করতে পেরেছে বিজেপি৷ লোকসভা নির্বাচনে পরিস্থিতি তার বিপরীত৷

আইপিএফটি সভাপতি তথা মন্ত্রী এন সি দেববর্মা পূর্ব আসনে লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী৷ প্রচারে অনেকটাই পিছিয়ে থাকলেও পশ্চিম আসনে ভোটে বিজেপি কর্মীদের আইপিএফটি কর্মীদের মারধোর পূর্ব আসনে ভোটে পদ্ম শিবিরের জন্য চিন্তার কারণ বলেই মনে করা হচ্ছে৷

পিসিসি সভাপতি প্রদ্যুত কিশোর দেববর্মণও পূর্ব আসনেই অধিক গুরুত্ব দিয়েছেন বলে ধারণা রাজনৈতিক মহলের৷ কারণ, তিনি পিসিসি সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর অধিকাংশ উপজাতি ভোটারদেরই দল ভাঙিয়ে এনেছেন৷ অপরদিকে, গণমুক্তি পরিষদ আপাতত রাজ্যে নিস্তেজ হলেও বামেদের উপজাতি ভোট ব্যাঙ্ক নিয়ে সন্দেহ থাকার কোন অবকাশ নেই৷

রবিবার বামফ্রন্টের প্রতিনিধি দল মুখ্য নির্বাচন আধিকারীকের কাছে নির্বাচন সংক্রান্ত বিষয় দিয়ে ডেপুটেশন প্রদান করেছে৷ সুষ্ঠ ও অবাধ নির্বাচনের দাবি জানিয়েছে বামেরা৷ প্রতিনিধি দলে ছিলেন গৌতম দাশ, রঞ্জিত মজুমদার, দিপক দেব, শ্যামল রায় এবং বিজন ধর৷ এবিষয়ে সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর বলেন, সুষ্ঠ নির্বাচনের প্রতিশ্রুতি মুখ্য নির্বাচন আধিকারীক রক্ষা করতে পারেননি৷ তাঁর দাবি, ভোটে ব্যাপক রিগিং এরাজ্যের মানুষ আগে কখনো দেখেনি৷ তাই পূর্ব আসনে ভোটারদের মধ্যে সাহস জোগাতে এবং অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্য নির্বাচন আধিকারীকের কাছে দাবি জানিয়েছি৷ বিজনবাবুর কথায়, মিজোরামে ভোট পর্ব সাঙ্গ হয়েছে৷ তাই সেখান থেকে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী এনে শান্তিপূর্ণ ভোট পর্ব সম্পন্ন করার পরামর্শ দিয়েছি৷

বিজন ধর বলেন, মুখ্য নির্বাচন আধিকারীক অবাধ ও সুষ্ঠ নির্বাচনের আশ্বাস দিয়েছেন৷ তবুও, আশ্বস্ত হতে পারেনি বামফ্রন্ট৷ তাই, পূর্ব আসনে ভোটারদের দলবদ্ধভাবে ভোট দিতে আসার আহ্বান জানিয়েছেন বিজন ধর৷ তাঁর মতে, পূর্ব আসনের ভোটারদের মেজাজ অন্যরকম৷ তাই, কমিশন যথাযথ ব্যবস্থা না নিলে ভোটারদের বলব প্রতিরোধ গড়ে এগিয়ে যান৷ তাঁর সাফ কথা, যদি কামান নিয়ে আসে তাহলে কামান দিয়ে, যদি বন্দুক নিয়ে আসে তাহলে বন্দুক দিয়ে প্রতিরোধ করুন৷ কারণ, তিনি আশঙ্কা করছেন, পশ্চিম আসনের মতোই পূর্ব আসনেও ভোট প্রহসনে পরিণত করার চেষ্টা হবে৷ এদিন, বিজন ধরের কথায় স্পষ্ট পূর্ব আসনে বিনা লড়াইয়ে এক চুল জমিও ছাড়বে না বামেরা৷ ফলে, ভোটে রিগিংয়ের পরিস্থিতি হলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে চরম পদক্ষেপ নিতেও পিছপা হবেন না তাঁরা৷

একইভাবে কংগ্রেসও ঐক্যবদ্ধভাবে ভোটারদের ভোট দিতে যাওয়ার আহ্বান রেখেছে৷ সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস মুখপাত্র বলেন, পশ্চিম আসনে ভোটের অভিজ্ঞতা থেকে স্পষ্ট ঐক্যবদ্ধভাবে ভোটাররা এগিয়ে না গেলে নির্বাচন প্রহসনে পরিণত হবেই৷ তাঁর সাফ কথা, পশ্চিম আসনে ভোটের পুনরাবৃত্তি পূর্ব আসনেও হতে পারে৷ তাই, ঐক্যবদ্ধভাবে ভোটারদের ভোট দিতে যেতে হবে৷ তবেই, ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন৷ তিনি জানান, পশ্চিম আসনে ব্যাপক রিগিংয়ের অভিযোগ দিল্লিতে নির্বাচন কমিশনে জানানো হয়েছে৷ বেশ কিছু বুথে পুনঃ ভোটের দাবিও জানানো হয়েছে৷ তাঁরা আশাবাদী, রাজ্যে বহু বুথে পুনঃ ভোট হবে৷ এদিন প্রদেশ কংগ্রেস ভোটারদের ঐক্যবদ্ধভাবে ভোট দিতে যাওয়ার জন্য পরামর্শ দিলেও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top