আগরতলা, ৯ অক্টোবর: ত্রিপুরায় মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস ও শুল্ক দপ্তর। যৌথ অভিযানে ৫০১ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লক্ষ টাকা বলে জানা গেছে।
অসম রাইফেলসের সদর দপ্তর আইজিএআর (ইস্ট)-এর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৮ অক্টোবর খোয়াই জেলায় এই অভিযান চালানো হয়। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং দীর্ঘক্ষণ নজরদারি চালানোর পর মাদক পাচারের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করে অসম রাইফেলস ও শুল্ক দপ্তর।
অভিযান চলাকালীন পশ্চিম সোনাতলা এলাকা থেকে সন্দেহভাজন একটি গাড়ির পিছু ধাওয়া করেন যৌথ বাহিনীর সদস্যরা। ধাওয়া করতে করতে খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলার সীমানা সংলগ্ন বৈকুণ্ঠপুর গ্রামের কাছাকাছি পৌঁছন তাঁরা। হেজামারা ব্লক থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে একটি নির্জন এলাকায় শেষ হয় এই ধাওয়া। অসম রাইফেলসের দাবি, পাচারকারীরা সেখানে মাদক ফেলে পালিয়ে যায়।
এরপর ঘটনাস্থল থেকে ৫০১ কেজি গাঁজা উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া মাদক পরবর্তী তদন্ত এবং আইনানুগ পদক্ষেপের জন্য শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় মাদক পাচারচক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানিয়েছে অসম রাইফেলস। সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে মাদক পাচার রুখতে এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
———