আগরতলা, ৪ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জনসেবাকে মূল লক্ষ্য করে আয়োজিত এই অভিযানের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আগরতলা পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান অনুষ্ঠিত হয়।
রবিবার ৩১ নম্বর ওয়ার্ড অফিস প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর ‘এক পেড় মা কে নাম’ আহ্বানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে।
এরপর ৩১ নম্বর ওয়ার্ড অফিসের পাশেই অবস্থিত শ্রী শ্রী ছিন্নমস্তা কালী মন্দির প্রাঙ্গণে সাফাই অভিযান পরিচালনা করা হয়। হাতে ঝাড়ু নিয়ে স্বচ্ছতা অভিযানে অংশ নেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। মন্দির প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা ও পরিবেশ সচেতনতার বার্তাও তুলে ধরা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩১ নম্বর ওয়ার্ডের স্থানীয় কর্পোরেটর অঞ্জনা দাস, ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি অরিন্দম চৌধুরী-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।



















