আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, তিনটি আসনেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
তিনি জানান, গোমতী জেলার অমরপুর ব্লকের পাহাড়পুর ভিলেজের একটি আসনে পুনরায় ভোটগ্রহণ করা হয়। সেখানে ভোট পড়েছে ৯১.৫৯ শতাংশ।
অন্যদিকে, মাতাবাড়ি ব্লকের ওয়ারিং বাড়ি এস বি স্কুলে গামারিয়া ভিলেজের দুটি আসনে পুনরায় ভোটগ্রহণ হয়। ওই দুই আসনে ভোটের হার ছিল ৮২.২৭ শতাংশ।
রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানান, কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট ভোটকর্মীরা নিজেদের নির্ধারিত স্ট্রং রুমে ফিরে গিয়েছেন।
এদিকে আগামী ৫ অক্টোবর, সোমবার ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে। গণনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান রাজ্য নির্বাচন কমিশনের সচিব।
তিনি জানান, রাজ্যের ৪৪টি ব্লকের ৪৫টি গণনাকেন্দ্রে একযোগে ভোট গণনা করা হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


















