অভিজিৎ রায় চৌধুরী
নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা থেকে বাদ পড়া যোগ্য নাগরিকদের ফের অন্তর্ভুক্ত করতে বিশেষ অভিযান শুরু করল নির্বাচন কমিশন। এসআইআর শেষ হওয়া ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশে রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) বলা হয়েছে, বর্তমান ভোটার তালিকার সঙ্গে এসআইআর-এর আগের তালিকা মিলিয়ে দেখতে। আগের তালিকায় নাম ছিল, কিন্তু বর্তমানে নেই, এমন ভোটারদের বুথভিত্তিক তালিকা তৈরি করবেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)।
এসআইআর চলাকালীন বিএলও-রা অনুপস্থিত, অন্যত্র চলে যাওয়া, মৃত এবং একই ব্যক্তির একাধিক নাম, অর্থাৎ এএসডিডি শ্রেণিতে ভোটারদের তালিকা তৈরি করেছিলেন। তাঁদের নাম বাদ পড়ার সম্ভাব্য কারণও নথিভুক্ত করা হয়েছিল। সংশ্লিষ্ট তালিকা স্থানীয়ভাবে প্রকাশের পাশাপাশি রাজনৈতিক দলগুলিকে দেওয়া হয় এবং সিইও-দের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
এবার ওই তালিকা ধরে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা। সংশ্লিষ্ট ভোটার বর্তমানে কোথায় রয়েছেন এবং ভোটার তালিকায় তাঁর নাম পুনরায় অন্তর্ভুক্তির যোগ্যতা রয়েছে কি না, তা যাচাই করা হবে। যোগ্য হলে ফর্ম ৬-এর মাধ্যমে নাম অন্তর্ভুক্তির ব্যবস্থা করবেন বিএলও। প্রতি সপ্তাহে অন্তত ২০ থেকে ২৫ জন ভোটারের সঙ্গে যোগাযোগের লক্ষ্য দেওয়া হয়েছে। প্রায় এক মাসের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ রয়েছে।
শুধু এসআইআর-এ বাদ পড়া ভোটার নয়, প্রথমবার ভোট দিতে চলা তরুণ এবং তালিকায় এখনও নাম ওঠেনি এমন যোগ্য নাগরিকদেরও এই অভিযানের আওতায় আনা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তাঁদের ফর্ম ৬ পূরণে সহায়তা করবেন বিএলও-রা।
বুথভিত্তিক তালিকা স্বীকৃত রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভাগ করে নেওয়া হবে। পরে সংশ্লিষ্ট নির্বাচনী নিবন্ধন আধিকারিকরা (ইআরও) রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও তালিকা সরবরাহ করবেন।
রাতের আশ্রয়কেন্দ্র, শ্রমিক কলোনি, গৃহহীন ও প্রান্তিক মানুষের জন্য বুথ লেভেল ক্যাম্প এবং বিশেষ ভোটার তালিকা সংশোধন শিবিরেরও নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি একটি চলমান প্রক্রিয়া। এসআইআর-এর সময় নাম অন্তর্ভুক্ত না হলেও যোগ্য নাগরিক পরবর্তী সময়ে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন।



















