আগরতলা, ২ অক্টোবর: আগরতলা শহরের বড়জলা মণ্ডলের ৩ নম্বর ওয়ার্ডের নতুননগর বাজার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবারের এই পরিদর্শনে বাজার এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক পরিষেবা ও পরিকাঠামোগত পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।
এদিন বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মেয়র। তাঁদের কাছ থেকে এলাকার বিভিন্ন সমস্যা ও দীর্ঘদিনের দাবিদাওয়ার কথা শোনেন তিনি। নাগরিক পরিষেবার ক্ষেত্রে কোথায় কী ধরনের সমস্যা রয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে নির্দেশ দেন মেয়র।
পরিদর্শন কর্মসূচির পাশাপাশি এদিন এলাকায় একটি নতুন রাস্তার উদ্বোধন করেন দীপক মজুমদার। নতুন রাস্তা নির্মাণের ফলে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করা হয়।
এছাড়াও এলাকার অন্যান্য উন্নয়নমূলক কাজ নিয়েও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন মেয়র। এলাকার নাগরিক পরিষেবা আরও কার্যকর করা এবং উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র-ইন-কাউন্সিল জগদীশ দাশ, মণ্ডল সভাপতি রাজীব ঘোষ-সহ পুর নিগমের অন্যান্য প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ। এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে পুর নিগমের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।


















