আমবাসা: দীর্ঘ ছয় মাস ধরে ভাঙাচোরা রাস্তা ও জরাজীর্ণ সেতুর কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। বারবার প্রশাসনের কাছে সমস্যার কথা জানিয়েও কার্যকরী সমাধান না মেলায় অবশেষে বৃহস্পতিবার পথে নামলেন আমবাসা মহকুমার কাছিমছড়া ভিলেজের কৃষ্ণ কুমার পাড়ার বাসিন্দারা। নালীছড়ায় কমলপুর-আমবাসা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কৃষ্ণ কুমার পাড়ার প্রায় ৫৫টি পরিবারের যাতায়াতের অন্যতম প্রধান ভরসা এই সড়ক। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বর্ষার সময় সেই গর্তে জমছে কাদা ও জল। পাশাপাশি এলাকার সেতুটিও দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে সাধারণ মানুষের যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে।
বিশেষ করে স্কুলপড়ুয়া, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীদের যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। এমনকি জরুরি পরিষেবার গাড়িও এলাকায় প্রবেশ করতে সমস্যায় পড়ছে বলে দাবি তাঁদের। দ্রুত রাস্তা ও সেতু সংস্কারের দাবিতেই এদিন সড়ক অবরোধে সামিল হন তাঁরা।
এদিকে, সকাল থেকেই অবরোধের জেরে কমলপুর-আমবাসা সড়কে যান চলাচল ব্যাহত হয়। রাস্তার দু’পাশে আটকে পড়ে বহু যানবাহন। নিত্যযাত্রী, অফিসগামী মানুষ থেকে শুরু করে পণ্যবাহী গাড়ির চালকরাও চরম ভোগান্তির শিকার হন।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আরডি এসডিও বিমল বর্মন। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার বিষয়টি শোনেন। দ্রুত রাস্তা ও সেতু মেরামতের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসী।
তবে প্রশাসনের আশ্বাসে আপাতত অবরোধ প্রত্যাহার হলেও ক্ষোভ পুরোপুরি প্রশমিত হয়নি গ্রামবাসীদের। তাঁদের স্পষ্ট বক্তব্য, আশ্বাস অনুযায়ী দ্রুত রাস্তা ও সেতু সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে ফের বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। ফলে প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবে কত দ্রুত কার্যকর হয়, এখন সেদিকেই তাকিয়ে কৃষ্ণ কুমার পাড়ার বাসিন্দারা।


















