ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর আগুন লাগে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার সুধীর কুমার রেড্ডি। ঘটনায় আটজন আহত হয়েছেন।
পুলিশ কমিশনার জানান, আহতদের মধ্যে দু’জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে রাজেশ ব্যাপটিস্ট নামে এক ব্যক্তি প্ল্যান্টের ভিতরে ছিলেন। তাঁর শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁকে শ্রীনিবাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়।
পাশের একটি অফিসে থাকা আরও ছয়জন সামান্য আহত হন। তাঁদের হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এমআরপিএল-এর সিকোর হাইড্রো ট্রিটিং ইউনিটে (সিএইচটিইউ) বিস্ফোরণের শব্দ অনেক দূর থেকে শোনা যায়। বিস্ফোরণের পর আকাশে আগুনের শিখা ও ঘন ধোঁয়া দেখা যায়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িঘরেও কম্পন অনুভূত হয় এবং কয়েকটি বাড়ির দরজা-জানালার কাচ ভেঙে যায়।
ঘটনার পর ইউনিটের বয়লার বিভাগে আগুন ছড়িয়ে পড়ে। এমআরপিএলের ফায়ার ও জরুরি পরিষেবা কর্মীদের পাশাপাশি শহরের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
জোকাট্টে এলাকাতেও বিস্ফোরণের প্রভাব অনুভূত হয়। জোকাট্টে গ্রাম পঞ্চায়েত কার্যালয় এবং আশপাশের বাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে এবং কয়েকটি জায়গায় কাচ ভেঙে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার-সহ শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।



















