শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের ১০১ এরিয়ার উদ্যোগে ‘আর্মি-বিএসএফ সিনার্জি সেমিনার ২০২৬’ আয়োজিত হয়। এতে বিএসএফের মেঘালয়, গুয়াহাটি, মিজোরাম, কাছাড় ও ত্রিপুরা ফ্রন্টিয়ারের শীর্ষ আধিকারিকরা অংশ নেন।
বাংলাদেশের সঙ্গে ভারতের ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত ব্যবস্থাপনার দায়িত্ব বিএসএফের। এর মধ্যে ত্রিপুরায় ৮৫৬ কিলোমিটার, মেঘালয়ে ৪৪৩ কিলোমিটার, মিজোরামে ৩১৮ কিলোমিটার এবং অসমে ২৬২ কিলোমিটার সীমান্ত রয়েছে। পশ্চিমবঙ্গের সাউথ বেঙ্গল ও নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার বাকি ২,২১৭ কিলোমিটার সীমান্তের দায়িত্বে রয়েছে।
সীমান্তের ভৌগোলিক পরিস্থিতি ব্যবস্থাপনাকে কঠিন করে তুলেছে। নদী, জঙ্গল ও পাহাড়ি এলাকা থাকায় অনেক জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, প্রায় ৩,২৩২.২ কিলোমিটার বা প্রায় ৭৮ শতাংশ সীমান্তে বেড়া রয়েছে। জলাভূমি, জলাশয় ও ঘন জঙ্গলের কারণে আরও ১৭৪.৫ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া কার্যত সম্ভব নয়।
বিএসএফ নিয়মিত টহলের পাশাপাশি উন্নত নজরদারি প্রযুক্তি ব্যবহার করে অপরাধমূলক কার্যকলাপ ও অবৈধ অনুপ্রবেশ রুখতে নজরদারি চালাচ্ছে।
সেনাবাহিনী সরাসরি ভারত-বাংলাদেশ সীমান্ত পরিচালনার দায়িত্বে না থাকলেও উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যে সীমান্তের কাছাকাছি তাদের গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও সামরিক সম্পদ রয়েছে। ফলে বিএসএফের সঙ্গে আরও ঘনিষ্ঠ সমন্বয় প্রয়োজন বলে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
এক আধিকারিক বলেন, কার্যকর সীমান্ত ব্যবস্থাপনার জন্য নিয়মিত গোয়েন্দা তথ্য আদান-প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে ভারতের স্বার্থবিরোধী শক্তি এই সীমান্ত ব্যবহার করেছে বলেও তিনি উল্লেখ করেন। সীমান্তের ভৌগোলিক বৈশিষ্ট্য, ভাষা ও সংস্কৃতির মিলসহ বিভিন্ন কারণে পরিস্থিতি জটিল হওয়ায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানান তিনি।
গোয়েন্দাগিরি ও নাশকতার আশঙ্কাও সেনা ও বিএসএফের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে। ইস্টার্ন কমান্ডের তরফে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, সেমিনারে অপারেশনাল সমন্বয় বৃদ্ধি, যৌথ সহযোগিতা শক্তিশালী করা, তথ্য আদান-প্রদান উন্নত করা এবং কার্যকর সীমান্ত ব্যবস্থাপনায় সমন্বিত পদ্ধতি গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে।
























