নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ সেপ্টেম্বর :
দীর্ঘ প্রায় দুই বছর ধরে বন্ধ হয়ে থাকা ধর্মনগর পৌর পরিষদের সেন্ট্রাল রোডের বিশুদ্ধ পানীয় জলের জলাধারটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই জলাধারটি দীর্ঘদিন বন্ধ থাকার বিষয়টি সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
এরপর শনিবার দুপুরে ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী পৌর পরিষদের চারজন ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে জলাধারটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে জলাধারের বর্তমান অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি দ্রুত সংস্কার ও পুনরায় চালুর বিষয়ে ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করেন তিনি।
পরিদর্শন শেষে বিধায়ক জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই জলাধারটি পুনরায় চালু করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে পথচারীদের জন্য এক লিটার বিশুদ্ধ পানীয় জল বিনামূল্যে দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, আগে এই জলাধার থেকে ৫ টাকার বিনিময়ে ২০ লিটার এবং ১ টাকার বিনিময়ে এক লিটার বিশুদ্ধ পানীয় জল সংগ্রহের ব্যবস্থা ছিল। দীর্ঘদিন জলাধারটি বন্ধ থাকায় পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সমস্যায় পড়তে হচ্ছিল।
সংবাদ প্রকাশের পর জলাধারটি পুনরায় চালুর উদ্যোগ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। এখন নির্ধারিত এক সপ্তাহের মধ্যে জলাধারটি চালু হয় কি না, সেদিকেই নজর সাধারণ মানুষের।
























