কল্যাণপুর, ১৯ সেপ্টেম্বর: দীর্ঘ ২১ বছর ধরে অব্যবহৃত অবস্থায় থাকা পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা প্লান্টেশনের একাংশের বাউন্ডারি কেটে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর থানাধীন ওয়াথিলং এলাকায়।
জানা গেছে, বিজেপির প্রদেশ কমিটির প্রাক্তন সভাপতি পাতালকন্যা জমাতিয়ার পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় ছিল। প্রায় ২১ বছর পর ওই জমিতে প্লান্টেশন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি প্লান্টেশনের বাউন্ডারির একটি অংশ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান পাতালকন্যা জমাতিয়া। তিনি প্লান্টেশনের ক্ষতিগ্রস্ত অংশগুলি সরেজমিনে পরিদর্শন করেন। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে প্লান্টেশনের একটি অংশের বাউন্ডারি কেটে ক্ষতি করা হয়েছে।
দীর্ঘদিন পর পৈতৃক সম্পত্তিতে কাজ শুরু করার পর এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাতালকন্যা জানান, বিষয়টি ইতিমধ্যেই কল্যাণপুর থানাকে জানানো হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখার দাবি জানান তিনি।
তবে প্রাথমিকভাবে কারা বাউন্ডারি ক্ষতিগ্রস্ত করেছে বা এর নেপথ্যে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসতে পারে।
























