মস্কো, ২৪ আগস্ট (আইএএনএস): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার মস্কোয় সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ‘ব্যক্তিগত বার্তা’ পুতিনের হাতে তুলে দিয়েছেন বলে জানিয়েছেন জয়শঙ্কর।
বৈঠকের পর এক্স-এ জয়শঙ্কর লেখেন, আজ মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত বার্তা তাঁর হাতে তুলে দিয়েছি।
তিনি জানান, ভারত-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের ২৭তম বৈঠকে হওয়া আলোচনা সম্পর্কে পুতিনকে অবহিত করা হয়েছে। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়।
ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, বৈঠকে পুতিন বলেন, জয়শঙ্করের রাশিয়া সফর ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা সম্পর্কের গভীরতাকে তুলে ধরে। দুই দেশ প্রায় সব ক্ষেত্রেই একসঙ্গে কাজ করে চলেছে বলেও জানান তিনি।
পুতিন বলেন, সরকারি সম্পর্ক, সংসদীয় পর্যায়ে যোগাযোগ এবং অর্থনৈতিক সহযোগিতা-সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক এগিয়ে চলেছে। চলতি বছরে ভারত ও রাশিয়ার বাণিজ্যিক লেনদেনও বেড়েছে বলে উল্লেখ করেন তিনি।
রুশ প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত-রাশিয়া সম্পর্কের উন্নয়নে ব্যক্তিগতভাবে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। একই সঙ্গে মোদির প্রতি শুভেচ্ছা জানিয়ে পুতিন বলেন, সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বৈঠকের সময় খুব শিগগিরই তাঁর সঙ্গে দেখা করার আশা রয়েছে। চলতি বছরেই ফের তাঁদের সাক্ষাৎ হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
পুতিনের সঙ্গে সাক্ষাতের আগে জয়শঙ্কর রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের সঙ্গে ভারত-রাশিয়া আন্তঃসরকারি কমিশন অন ট্রেড, ইকোনমিক, সায়েন্টিফিক, টেকনোলজিক্যাল অ্যান্ড কালচারাল কো-অপারেশনের (IRIGC-TEC) ২৭তম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন।
বৈঠকে পুতিন জানান, দুই দেশের আলোচনায় জ্বালানি ছাড়াও ভারতের কৃষকদের জন্য সার সরবরাহ, পারমাণবিক শক্তি, উচ্চপ্রযুক্তি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। ভারতের কৃষকদের প্রয়োজন মেটাতে সার সরবরাহ আরও বাড়ানোর জন্য রাশিয়া প্রস্তুত বলেও জানান তিনি।
জয়শঙ্কর বলেন, আন্তঃসরকারি কমিশনের বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, পারমাণবিক শক্তি, সার সরবরাহ-সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং ভারত ও রাশিয়ার মধ্যে একটি শক্তিশালী দ্বিপাক্ষিক অংশীদারিত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিদেশমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী মোদি এসসিও শীর্ষ সম্মেলনে পুতিনের সঙ্গে দেখা করার জন্য আগ্রহী। পাশাপাশি ভারতে অনুষ্ঠিত হতে চলা BRICS শীর্ষ সম্মেলনেও পুতিনের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।


















