নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে আগামী ৫ সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্ডিয়া গেট থেকে নতুন দিল্লি পুলিশ সদর দফতর পর্যন্ত এই মিছিল হবে।
দলের বিবৃতি অনুযায়ী, মৃত নিট পরীক্ষার্থীদের পরিবারের সদস্য এবং পুলিশের বিরুদ্ধে ওঠা অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়া ও তরুণরাও এতে অংশ নেবেন বলে দাবি করেছে সিজেপি।
সোমবার দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে কেন্দ্র এবং বিজেপি-এনডিএ শাসিত রাজ্যগুলিতে ২৫ জুলাই তরুণদের উদ্দেশে দেওয়া প্রতিশ্রুতিগুলি কতটা বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে পর্যালোচনা করা হয়। দলের অভিযোগ, এক মাস কেটে গেলেও প্রতিশ্রুতিগুলি কার্যকর করার বদলে সরকার বিষয়টি বিলম্বিত করছে এবং স্পষ্ট আশ্বাস দেওয়া এড়িয়ে যাচ্ছে।
সিজেপি-র দাবি, ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের শুনানির সময় আদালত দেশের বিভিন্ন প্রান্তে নথিভুক্ত এফআইআরগুলির তালিকা চেয়েছিল, যাতে সেগুলি সম্মিলিতভাবে বাতিল করার বিষয়টি বিবেচনা করা যায়। কিন্তু কেন্দ্র এ বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি বলেও অভিযোগ করেছে দলটি। একই সঙ্গে সিজেপি-কে সরকারের লিখিত আশ্বাস এখনও পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
দলের বিবৃতিতে বলা হয়েছে, সরকারের প্রতি তাদের ধৈর্যকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়। প্রতিশ্রুতি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করার ইঙ্গিতও দিয়েছে তারা।
সিজেপি জানিয়েছে, ২৫ জুলাই একটি যৌথ সাংবাদিক বৈঠকে প্রকাশ্যে তরুণদের কাছে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই আশ্বাসের ভিত্তিতেই তারা সদিচ্ছার সঙ্গে দেশব্যাপী যুব আন্দোলন প্রত্যাহার করেছিল। দলের অভিযোগ, সরকার এখন সেই প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ার চেষ্টা করছে, যা জেন-জি এবং সন্তান হারানো পরিবারগুলির সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখছে তারা।
৫ সেপ্টেম্বরের মিছিলে বিপুল সংখ্যায় পড়ুয়া, যুব সংগঠন এবং তরুণ নাগরিকদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি। দলের বক্তব্য, মৃতদের পরিবারের সদস্য এবং পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাই মিছিলের সামনে থাকবেন। তাঁদের সঙ্গে পা মেলাবেন দেশের তরুণ প্রজন্ম। তাঁদের মূল দাবি একটাই, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে।


















