আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে পানীয় জল এবং মিড ডে মিল রান্নার উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে ইন্সপেক্টর অফ স্কুল, খুমলুং-এর অধীন চাঁম্পাবাড়ি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাগুলি জানানো হলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
জানা গেছে, রাধাচরণ ভিলেজ পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যালয় চত্বরে পানীয় জলের জন্য একটি ট্যাঙ্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। সর্বশিক্ষা অভিযান প্রকল্পের আওতায় পঞ্চায়েতের মাধ্যমে ওই নির্মাণকাজ শুরু হলেও এখনও তা সম্পূর্ণ হয়নি। ফলে বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের পানীয় জলের সমস্যায় পড়তে হচ্ছে।
পাশাপাশি বিদ্যালয়ে মিড ডে মিল রান্নার জন্যও উপযুক্ত রান্নাঘর না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে মিড ডে মিলের খাবার প্রস্তুত করাও কঠিন হয়ে পড়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দ্রুত পানীয় জল ও মিড ডে মিল রান্নাঘরের সমস্যা সমাধানের দাবি জানিয়েছে। তাঁদের বক্তব্য, পড়ুয়াদের স্বার্থে বিদ্যালয়ের মৌলিক পরিকাঠামোগত সমস্যাগুলির দ্রুত সমাধান করা জরুরি।
এখন দেখার বিষয়, চাঁম্পাবাড়ি বিদ্যালয়ের দীর্ঘদিনের এই সমস্যাগুলি সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে কবে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
———
























