ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে আনন্দবাজারের রাজনগর এলাকায়। মঙ্গলবার রাতে নাবালিকাদের নিয়ে যাওয়ার সময় এক যুবককে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশের হাতে তুলে দেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ১১টা নাগাদ তিন নাবালিকাকে নিয়ে যাওয়ার সময় সোহেল উদ্দিন নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে নাবালিকাদের এবং ওই যুবককে ধর্মনগর মহিলা থানায় নিয়ে যাওয়া হয়।
নাবালিকা পাচারের অভিযোগে লিখিত মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হলেও ধর্মনগর মহিলা থানা অভিযোগ গ্রহণে গড়িমসি করেছে বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে নাবালিকাদের বাগবাসা থানায় পাঠানো হয় বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, আনন্দবাজারের রাজনগর এলাকায় নাবালিকাদের আটক করা হলে সেখানেই অভিযোগ গ্রহণ এবং ঘটনার প্রাথমিক তদন্তের পদক্ষেপ নেওয়া উচিত ছিল।
তবে নাবালিকাদের ঠিক কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, ওই যুবকের প্রকৃত উদ্দেশ্য কী ছিল এবং আদৌ পাচারের কোনও ঘটনা ঘটেছিল কি না—তা তদন্তের পরই স্পষ্ট হবে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি নাবালিকাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখন দেখার বিষয়, এই ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।



















