কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ১৮ আগস্ট রাত ২টা ৩২ মিনিট নাগাদ প্রায় ১০ থেকে ১৩ জনের একটি দল তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করে। বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ঘটনার বেশ কিছু অংশ ধরা পড়ার পর ক্যামেরাটি ভেঙে খুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
আইনজীবী দেবার্চন তরফদারের দাবি, সিসিটিভি ক্যামেরাটি চুরি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে, নাকি নিজেদের গতিবিধির প্রমাণ মুছে ফেলতেই ক্যামেরাটি সরিয়ে নেওয়া হয়েছে, তা তদন্তেই স্পষ্ট হবে।
অভিযোগ, এর আগের দিন অর্থাৎ ১৭ আগস্ট তাঁর বাড়ির পিছনের একটি বেড়াও ভাঙা হয়। বাড়িটি কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের সংলগ্ন হওয়ায় কলেজ চত্বরে পর্যাপ্ত সিসিটিভি নজরদারি না থাকা নিয়েও প্রশ্ন উঠেছে।
ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আইনজীবীর পরিবার। তাঁদের অভিযোগ, রাতে একাধিকবার থানায় ফোন করা হলেও দীর্ঘ সময় পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যদিও ঘটনার প্রকৃত কারণ এবং অভিযুক্তদের পরিচয় এখনও নিশ্চিত নয়।
এদিকে, ১৯ আগস্ট দুপুর ২টা নাগাদ আইনজীবীর পরিবারের পক্ষ থেকে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরা সরিয়ে নেওয়ার কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তদন্তের মাধ্যমে তা স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



















