News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে
Image

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা ও দক্ষিণ জেলার নাম উজ্জ্বল করা অস্মিতা দে-কে ঘিরে বুধবার উৎসবের আবহ তৈরি হয় বিলোনিয়ায়। নিজের মাতৃভূমিতে ফিরতেই অসংখ্য মানুষের ভালোবাসা, আশীর্বাদ ও সংবর্ধনায় ভেসে গেলেন বিলোনিয়ার ঋষ্যমুখ ব্লকের দক্ষিণ সোনাইছড়ির এই কৃতী কন্যা।

বুধবার বিকেল আনুমানিক ৫টা নাগাদ বিলোনিয়ার তবলা চৌমুহনীতে পৌঁছান অস্মিতা। সেখান থেকে হুডখোলা গাড়িতে করে তাঁকে নিয়ে শুরু হয় বর্ণাঢ্য যাত্রা। বিলোনিয়া শহরের প্রধান সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময় রাস্তার দু’পাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান। কেউ ফুলের মালা পরিয়ে দেন, কেউ করমর্দন করে শুভেচ্ছা জানান। প্রিয় কন্যাকে এক ঝলক দেখার জন্য রাস্তার দু’পাশে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
মনুরমুখ, তবলা চৌমুহনী, গ্যারেজটিলা, বনকর, বিদ্যাপীঠ চৌমুহনী, হাসপাতাল রোড, এক নম্বরটিলা, রাজীব কর্নার, নতুন মোটরস্ট্যান্ড হয়ে জাতীয় সড়ক ধরে সোনাইছড়ির উদ্দেশে এগিয়ে যায় অস্মিতার সংবর্ধনা যাত্রা।

সোনাইছড়িতে পৌঁছাতেই বিভিন্ন সংগঠন ও শাখা সংগঠনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়। ছোটবেলার বন্ধু-বান্ধব থেকে শুরু করে এলাকার অসংখ্য মানুষ প্রিয় কন্যাকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন। দীর্ঘদিন পর নিজের এলাকায় ফিরে মানুষের ভালোবাসায় আপ্লুত হয়ে পড়েন অস্মিতাও।
সংক্ষিপ্ত বক্তব্যে অস্মিতা বলেন, মনের একাগ্রতা ও প্রবল ইচ্ছাশক্তি থাকলে নিজেকে তৈরি করা সম্ভব। তবে সাফল্যের জন্য সকলের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এরপর নিজের শৈশবের স্মৃতিবিজড়িত বাড়িতে যান অস্মিতা। যে উঠোনে ছোটবেলায় হামাগুড়ি দিয়ে বেড়ে উঠেছেন, সেই বাড়িতে কিছুটা সময় কাটান তিনি। পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে দেখা করে আবেগঘন মুহূর্ত কাটান দেশের সোনার মেয়ে।

এরপর সোনাইছড়ি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন অস্মিতা। সেখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে তাঁকে সংবর্ধনা জানানো হয়। মানুষের ভালোবাসা ও উচ্ছ্বসিত অভ্যর্থনায় আবেগাপ্লুত হয়ে পড়েন অস্মিতা।

উল্লেখ্য, গ্লাসগো শহরে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে সোনা জিতে দেশের জন্য ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছেন অস্মিতা দে। তাঁর এই কৃতিত্বে গর্বিত ত্রিপুরা তথা দক্ষিণ জেলার মানুষ। সংবর্ধনা পর্ব শেষে নিজের জন্মভূমি দক্ষিণ সোনাইছড়ির বাড়িতে কিছুক্ষণ সময় কাটিয়ে বিলোনিয়া সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেন অস্মিতা। সেখানে রাতযাপন করবেন তিনি।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top