আগরতলা, ১০ আগস্ট: জনগণের দ্রুত ও উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থায়নে প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে।
নতুন এই অ্যাম্বুলেন্সে অক্সিজেন পরিষেবা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা-সহ জরুরি চিকিৎসার বিভিন্ন আধুনিক প্রযুক্তি রয়েছে। এর ফলে বামুটিয়া ও পার্শ্ববর্তী এলাকার রোগীদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে নিজের মাকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন বিধায়ক নয়ন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস, বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ চিকিৎসক ড. সুব্রজিৎ বণিক রায়-সহ স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, বামুটিয়ার পাঁচবারের বিধায়ক হরিচরণ সরকার বিধায়ক থাকাকালীন সময়েও বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন। এবার তাঁর ছেলে তথা বর্তমান বিধায়ক নয়ন সরকার আরও আধুনিক প্রযুক্তিসম্পন্ন অ্যাম্বুলেন্স প্রদান করায় স্থানীয়দের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে।
অনুষ্ঠানে বিধায়ক নয়ন সরকার জানান, এলাকার মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানে তিনি কাজ করে যেতে চান। কোনও ক্লাব বা এনজিওর পক্ষ থেকে শববাহী গাড়ির দাবি জানানো হলে সেটিও প্রদানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
পাশাপাশি বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার বিভিন্ন বেহাল রাস্তা সংস্কারের বিষয়েও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন বিধায়ক। নতুন অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়ার ফলে বিশেষ করে জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া আরও সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।



















