কলকাতা, ১৮ মার্চ: আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নির্বাচনী প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রীয় সাধারণ, পুলিশ ও ব্যয় পর্যবেক্ষকদের কাজের উপর দৈনিক নজরদারির ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই উদ্দেশ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের অধীনে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হচ্ছে।
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সরাসরি নিয়ন্ত্রণে এই বিশেষ সেল কাজ করবে। কমিশন-নিযুক্ত পর্যবেক্ষকদের দৈনন্দিন ভূমিকা ও কার্যকলাপ খতিয়ে দেখে প্রতিদিনই তাদের পর্যবেক্ষণ-রিপোর্ট নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে পাঠানো হবে বলে সিইও দফতর সূত্রে জানা গিয়েছে।
সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ২৯৪ জন সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। ভোটমুখী চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য, যেখানে প্রতিটি বিধানসভা আসনের জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক রাখা হয়েছে। একই সঙ্গে রাজ্যে থাকছেন ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক, যা ভোটমুখী সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক। এছাড়া ১০০ জন ব্যয় পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে, যা এ ক্ষেত্রেও অন্যতম সর্বোচ্চ।
নির্বাচন কমিশনের এই পদক্ষেপের লক্ষ্য, গোটা ব্যবস্থাকে আরও নির্ভুল, স্বচ্ছ এবং নিরপেক্ষ করা। সিইও দফতরের এক আধিকারিকের কথায়, কমিশন চায় যাতে পর্যবেক্ষকদের কাজও নিয়মিত পর্যালোচনার আওতায় আসে এবং এ বিষয়ে কোনও প্রশ্ন না ওঠে।
কমিশনের এই পদক্ষেপকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সেই অঙ্গীকারের সঙ্গেও যুক্ত করে দেখা হচ্ছে, যেখানে তিনি চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও হিংসামুক্ত করার আশ্বাস দিয়েছিলেন।
একইসঙ্গে এই বার্তাও দেওয়া হচ্ছে যে, নির্বাচন কমিশনের নজরদারি শুধু রাজ্য সরকারের আমলা বা পুলিশকর্তাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, কমিশন-নিযুক্ত পর্যবেক্ষকরাও নিয়মিত পর্যবেক্ষণের আওতায় থাকবেন। ফলে নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে ওঠা অভিযোগগুলিরও জবাব দিতে চাইছে কমিশন।
এদিকে, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনাকে ইতিমধ্যেই ভোটমুখী তামিলনাড়ুতে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছে। তার পাশাপাশি রাজ্যের আরও দুই সচিবকে অন্য ভোটমুখী রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা হলেন, পূর্ত দফতরের সচিব অন্তরা আচার্য এবং খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের সচিব পারভেজ আহমেদ সিদ্দিকি।
তবে জানা গিয়েছে, এই দুই আমলাই অন্য রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে তাঁদের পাঠানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন নির্বাচন কমিশনের

