News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাষ্ট্রপতি শাসনের অবসান, জারি বিজ্ঞপ্তি, মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন যুমনাম খেমচন্দ সিং; দুই উপ-মুখ্যমন্ত্রীও শপথগ্রহণ, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Image

রাষ্ট্রপতি শাসনের অবসান, জারি বিজ্ঞপ্তি, মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন যুমনাম খেমচন্দ সিং; দুই উপ-মুখ্যমন্ত্রীও শপথগ্রহণ, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ইম্ফল: রাষ্ট্রপতি শাসনের অবসানের একদিন পর বুধবার মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন যুমনাম খেমচন্দ সিং। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক দলের নেতা নির্বাচিত হওয়ার পর লোক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। তাঁর সঙ্গে নাগা ও কুকি-জো সম্প্রদায়ের দুই জন প্রতিনিধি উপ-মুখ্যমন্ত্রী হিসেবেও শপথ নেন।

শপথগ্রহণ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগেই মণিপুরে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করা হয় বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল।

মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করায় যুমনাম খেমচন্দ সিংকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নেমচা কিপজেন এবং লোসি দিখোকেও শুভেচ্ছা জানান তিনি। সাথে তিনি মণিপুর সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় কন্থৌজাম গোবিন্দাস সিং এবং খুরাইজাম লোকেন সিংকেও অভিনন্দন জানিয়েছেন।

অনুষ্ঠানে নাগা পিপলস ফ্রন্টের (এনপিএফ) মাও বিধানসভা কেন্দ্রের বিধায়ক লোসি দিখো উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। মুখ্যমন্ত্রী খেমচন্দ সিং তাঁর ভাষণে বলেন, “মণিপুরে ৩৬টি সম্প্রদায় রয়েছে এবং এই সব সম্প্রদায়ই মণিপুরকে রক্ষা করে আসছে। সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত হলে রাজ্যে শান্তি ফিরবে।”

তিনি আরও বলেন, সকল সম্প্রদায়ের অন্তর্ভুক্তিমূলক ও যৌথ অংশগ্রহণ মণিপুরে ঐক্য ও সম্প্রীতি আরও মজবুত করবে। কুকি-জো সম্প্রদায়ের প্রতিনিধি ও বিজেপি বিধায়ক নেমচা কিপজেন, যিনি কাংপোকপি বিধানসভা কেন্দ্রের বিধায়ক, তিনি নয়াদিল্লির মণিপুর ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এদিন বিজেপি বিধায়ক কে গোবিন্দাস এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) বিধায়ক খ লোকেন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। শপথগ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলের বিধায়করা, প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, ও. ইবোবি সিং ও আর কে রাধাবিনোদসহ বহু প্রবীণ রাজনীতিবিদ, শীর্ষ পুলিশ আধিকারিক এবং আমলারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার থেকেই রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদের ২ নম্বর ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে, আমি, দ্রৌপদী মুর্মু, ভারতের রাষ্ট্রপতি, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মণিপুর রাজ্যের ক্ষেত্রে জারি করা রাষ্ট্রপতি শাসনের ঘোষণা ৪ ফেব্রুয়ারি ২০২৬ থেকে প্রত্যাহার করলাম।”

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩ মে মণিপুরে সংঘর্ষ শুরু হওয়ার পর রাজনৈতিক সংকট গভীর হয়। অনাস্থা প্রস্তাবের আশঙ্কায় গত বছরের ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন এন বীরেন সিং। এর পরই ১৩ ফেব্রুয়ারি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।

নতুন নেতৃত্বের উপর আস্থা প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তাঁরা মণিপুরের ভাই-বোনদের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে তিনি নিশ্চিত। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ প্রকাশিত এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করায় যুমনাম খেমচন্দ সিং-কে অভিনন্দন। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় নেমচা কিপজেন জি ও লোসি দিখো-কেও অভিনন্দন জানাই। পাশাপাশি, মণিপুর সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় কন্থৌজাম গোবিন্দাস সিং ও খুরাইজাম লোকেন সিং-কেও শুভেচ্ছা। আমি নিশ্চিত, তাঁরা মণিপুরের আমার ভাই ও বোনদের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করবেন।

Releated Posts

‘কিয়া বোলতি পাবলিক?’ নামে দেশজুড়ে জনসংযোগ অভিযান শুরু করবে সিজেপি, শিক্ষা ও বেকারত্ব ইস্যুতে সরব অভিজিৎ দিপকে

ছত্রপতি সম্ভাজীনগর, ৬ আগস্ট(আইএএনএস): আগামী সেপ্টেম্বর থেকে ‘কিয়া বোলতি পাবলিক?’ নামে দেশব্যাপী জনসংযোগ অভিযান শুরু করার ঘোষণা দিল…

ByBySandeep Biswas Aug 6, 2026

এসআইআরের নামে কর্নাটকে এক কোটির বেশি ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের

বেঙ্গালুরু, ৬ আগস্ট (আইএএনএস): কর্নাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে এক…

ByByNews Desk Aug 6, 2026

টেরিটোরিয়াল আর্মি ‘নাগরিক-সৈনিক’ ধারণার জীবন্ত উদাহরণ: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): টেরিটোরিয়াল আর্মি (টিএ) ‘নাগরিক-সৈনিক’ ধারণার এক জীবন্ত উদাহরণ এবং দেশের সামরিক শক্তিকে প্রয়োজনে অতিরিক্ত…

ByByNews Desk Aug 6, 2026

গুরুত্বপূর্ণ খনিজ, ওষুধ ও উৎপাদন খাতে সহযোগিতা বাড়াতে সম্মত ভারত-দক্ষিণ আফ্রিকা

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): গুরুত্বপূর্ণ খনিজ (ক্রিটিক্যাল মিনারেল), ওষুধশিল্প এবং উৎপাদন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা করেছে…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top