আগরতলা, ১৪ ডিসেম্বর : গতকাল গভীর রাতে শহরের উপকণ্ঠে এক নৃশংস খুনের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। আমতলি থানাধীন বাবুল চৌমুহনীর পশ্চিম দুর্গাপুর এলাকায় সুব্রত চৌধুরীকে তাঁর বাড়ির সামনেই নির্মমভাবে খুন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন নিন্টু চক্রবর্তী, শঙ্কু চক্রবর্তী ও প্রিয়তোষ চৌধুরী। অপর এক অভিযুক্তের পরিচয় এখনও জানা যায়নি। অভিযোগ, অভিযুক্তদের মধ্যে একজন স্থানীয় এক নেত্রীর ছেলে।
ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বাবুল চৌমুহনী এলাকায় খুনের ঘটনায় ইতিমধ্যেই এক অভিযুক্ত শঙ্কু চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার ধৃত শঙ্কু চক্রবর্তীকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে এবং তদন্তের স্বার্থে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

