নয়াদিল্লি, ১১ ডিসেম্বর : মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশচুম্বী ৫০% শুল্কের পর ভারতের বিরুদ্ধে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধে আরও একটি দেশ অবতীর্ণ হল। বুধবার মেক্সিকোর সেনেট ভারত, চীনসহ একাধিক এশীয় দেশের আমদানির ওপর সর্বোচ্চ ৫০% পর্যন্ত শুল্ক আরোপের অনুমোদন দিয়েছে। ট্রাম্প প্রশাসনকে খুশি করতেই এই সিদ্ধান্ত, এমনই জল্পনা আন্তর্জাতিক মহলে।
নতুন শুল্ক কাঠামো অনুযায়ী, যেসব দেশের সঙ্গে মেক্সিকোর কোনও বাণিজ্য চুক্তি নেই, সেসব দেশের অটোমোবাইল, অটো পার্টস, টেক্সটাইল, প্লাস্টিক, স্টিলসহ বহু পণ্যের ওপর লাগবে সর্বোচ্চ ৫০% শুল্ক। এতে ভারত, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া সরাসরি প্রভাবিত হবে। এই শুল্ক বৃদ্ধির লক্ষ্য আগামী বছরে অতিরিক্ত ৩.৭৬ বিলিয়ন ডলার (প্রায় ৩৩,৯১০ কোটি টাকা) রাজস্ব আদায়।
জানা গেছে, মেক্সিকোর সেনেট ৭৬ ভোটে বিলটি পাশ করেছে। বিপক্ষে মাত্র ৫টি ভোট পড়েছে এবং ৩৫ জন ভোটদানে বিরত থেকেছেন। এর মাধ্যমে ১,৪০০-রও বেশি পণ্যে শুল্ক বাড়ানো হবে। বেশিরভাগ পণ্যের ওপর শুল্ক হবে ৩৫%, তবে নির্দিষ্ট কিছু পণ্যে শুল্ক পৌঁছাবে ৫০%–এ। অটোমোবাইল, গাড়ির যন্ত্রাংশ, পোশাক, প্লাস্টিক, ধাতু, জুতো— সবই রয়েছে এই তালিকায়।
বিশ্লেষকদের মতে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম দেশের অভ্যন্তরীণ শিল্পকে শক্তিশালী করতে চাইছেন। তবে বাস্তবে এটি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের মন রক্ষার কৌশল হতে পারে বলেও অনেকে মনে করছেন। বিশেষত ২০২৬ সালে ইউএস-মেক্সিকো-কানাডা চুক্তির-র পর্যালোচনার আগে যথেষ্ঠ তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
সম্প্রতি ট্রাম্প চীনা পণ্যে মেক্সিকোর শুল্ক বাড়ানোর পরও মেক্সিকো সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি মেক্সিকোর স্টিল ও অ্যালুমিনিয়ামে ৫০% শুল্ক এবং ফেন্টানিল পাচার রোধে ব্যর্থতার অভিযোগে অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। এমনকি চলতি সপ্তাহেই জলবণ্টন চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে মেক্সিকোর ওপর আরও ৫% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেন ট্রাম্প।
মেক্সিকোর এই সিদ্ধান্ত ভারত-মেক্সিকো বাণিজ্যে বড় ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০২৪ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য পৌঁছে যায় ১১.৭ বিলিয়ন ডলারের রেকর্ডে। ভারত বর্তমানে মেক্সিকোর রপ্তানির নবম বৃহত্তম গন্তব্য। ২০২৪ সালে ভারতের মেক্সিকোতে রপ্তানি ছিল ৮.৯ বিলিয়ন ডলার, আর আমদানি ২.৮ বিলিয়ন ডলার, যার ফলে ভারতের পক্ষে একটি উল্লেখযোগ্য বাণিজ্য উদ্বৃত্ত তৈরি হয়।
ভারত থেকে মেক্সিকোতে প্রধান রপ্তানি পণ্য ছিল মোটরগাড়ি, অটো পার্টস ও অন্যান্য যাত্রীবাহী গাড়ি। নতুন শুল্ক আরোপের ফলে আগামী বছর এসব পণ্যের রপ্তানি বড় আঘাতের মুখে পড়তে পারে। মোদ্দা কথা হল, বৈশ্বিক বাণিজ্য যুদ্ধে ভারতের জন্য আরও একটি চ্যালেঞ্জ তৈরি করল মেক্সিকো। আগামী বছর থেকে নতুন শুল্ক নীতি কার্যকর হলে ভারতের রপ্তানি আয় ও বাণিজ্য সম্পর্ক দুটিই ধাক্কা খেতে পারে।

