নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : চীনের বিমানবন্দরে ভারতীয় নাগরিককে আটক করার ঘটনাকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার চীনা কর্তৃপক্ষের কাছে স্পষ্ট নিশ্চয়তা দাবি করেছে। বিশেষ করে, চীনের বিমানবন্দর দিয়ে ট্রানজিট করা ভারতীয় যাত্রীদের যেন “বৈষম্যমূলকভাবে টার্গেট, আটক বা হয়রানি” করা না হয়— সেই নিশ্চয়তা দেওয়া জরুরি বলে জানিয়েছে দিল্লি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জয়সওয়াল সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বলেন, আন্তর্জাতিক বিমানভ্রমণের বিধি মেনে ভারতীয় নাগরিকদের ন্যায্য আচরণ করা চীনের দায়িত্ব। তিনি ভারতীয়দের উদ্দেশে চীনে ভ্রমণ বা ট্রানজিট করার সময় “সতর্কতা ও বিবেচনা” অবলম্বনের পরামর্শও দেন।
জয়সওয়াল বলেন, “আমরা আশা করি চীনা কর্তৃপক্ষ নিশ্চিত করবে যে চীনের বিমানবন্দরে ট্রানজিট করা ভারতীয়দের বিরুদ্ধে কোনো ধরনের বৈষম্যমূলক পদক্ষেপ নেওয়া হবে না। আন্তর্জাতিক বিমান চলাচলবিধি চীন যথাযথভাবে মানবে— এটাই আমাদের প্রত্যাশা।”
ঘটনাটি ঘিরে উত্তেজনা শুরু হয় ২১ নভেম্বর, যখন যুক্তরাজ্য-নিবাসী ভারতীয় পাসপোর্টধারী প্রেমা ওয়াংলম থোংদক, যিনি মূলত অরুণাচল প্রদেশের বাসিন্দা, তাকে শাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৮ ঘণ্টা আটকে রাখা হয়। অভিযোগ, চীনা ইমিগ্রেশন কর্মকর্তারা তার ভারতীয় পাসপোর্ট গ্রহণে অস্বীকৃতি জানান এবং জন্মস্থান অরুণাচল প্রদেশকে “চীনের অংশ” বলে দাবি করেন।
লন্ডন থেকে জাপানে যাওয়ার পথে আটক হওয়ার এই অভিজ্ঞতা তিনি পরে সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ঘটনার পরদিনই ভারত সরকার বেইজিং ও নয়াদিল্লিতে চীনের কাছে জোরালো প্রতিবাদপত্র পাঠায়।
জয়সওয়াল পুনরায় জোর দিয়ে বলেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এবং বৈধ পাসপোর্টধারী একজন ভারতীয়কে আটক করা সম্পূর্ণ “ইচ্ছাকৃত ও অযৌক্তিক”, যা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে।
ভারত-চীন সম্পর্ক প্রসঙ্গে তিনি জানান, দুই দেশের মধ্যে বেশ কয়েক দফা আলোচনায় সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে বলেই ভারত জানিয়েছে। তবে এই ধরনের ঘটনা উদ্বেগ বাড়ায় বলেও তিনি মন্তব্য করেন।
2025-12-09

