গ্যাংটক, ৬ জুন: উত্তর সিকিমে আটকে পড়া মানুষদের উদ্ধারে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার চাতেন এলাকা থেকে ১৭ জনকে এমআই-০২ হেলিকপ্টারে করে পাকিয়ং-এর গ্রিনফিল্ড বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হেলিকপ্টারটি পুনরায় উদ্ধার অভিযানে মোতায়েন করা হয়েছে এবং যেসব মানুষ এখনও আটকে রয়েছেন, তাঁদেরও উদ্ধার করা হবে। তবে আবহাওয়া ও লজিস্টিক পরিস্থিতির উপর নির্ভর করছে পুরো অভিযানের অগ্রগতি।
উদ্ধারপ্রাপ্ত ব্যক্তিদের গ্যাংটকের দিকে যাত্রার জন্য পাকিয়ং বিমানবন্দর থেকে এসএনটি বাসের ব্যবস্থা করেছে রাজ্য প্রশাসন। একইসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের একটি মেডিকেল টিম বিমানবন্দরে উপস্থিত ছিল, যারা উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব বাকি আটকে থাকা ব্যক্তিদেরও উদ্ধার করা হবে।



















