হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আবারো ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করল

কেমব্রিজ, ২৪ মে : হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো মামলা দায়ের করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছিল যে, তারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি করতে বাধা দেবে।

এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এলান গারবার বলেন, “এই অবৈধ ও অনুচিত পদক্ষেপের আমরা তীব্র নিন্দা জানাই, কারণ এটি হার্ভার্ডে অধ্যয়নরত হাজার হাজার শিক্ষার্থী ও গবেষকদের ভবিষ্যতকে হুমকির মুখে ফেলছে।”

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে এবং একটি অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ (temporary restraining order) পাওয়ার জন্য প্রক্রিয়া শুরু করেছে। গারবার বলেন, “হার্ভার্ড সব শিক্ষার্থী ও গবেষকদের সুরক্ষা এবং সহায়তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদী যে আদালত এই অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীরা নিরাপদভাবে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে।