আগরতলা, ১০ অক্টোবর : শান্তি বৈঠকের পর এলাকায় শান্তি ফিরলেও জনমনে আতঙ্কের মেঘ এখনো কাটেনি। আজ কদমতলা সফরে গেলেন রাজ্য ওয়াকফ কমিটির চেয়ারম্যান এবং কৈলাশহরের বিজেপি নেতা মফস্বর আলী। তার সঙ্গে ছিলেন ব্লক চেয়ারম্যান মিহির নাথ, ভাইস চেয়ারম্যান বিদ্যা দাস, প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব, আব্দুল খালিক, বশির আলী, রাজাধর, আব্দুল হালিম সহ অন্যান্য সর্বদলীয় সংখ্যালঘু নেতারা।
এদিন মফস্বর আলী কদমতলা বাজার মসজিদ, শনি মন্দির, দোকানপাট এবং হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের বাড়িঘর পরিদর্শন করেন। এলাকা ঘুরে তিনি জানান, এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং মানবতার পক্ষে লজ্জাজনক। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বিভিন্ন দাবি তুলে ধরেন মফস্বর আলীর কাছে, যা তিনি গুরুত্ব সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।

















