আগরতলা, ১৯ জুলাই: সিভিক একশন প্রোগ্রামের আওতায় একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করে অষ্টম ব্যাটেলিয়ান টিএসআর। লংতরাইভ্যালী মহকুমার ছামনু রাজধরগ ভিলেজের তুইয়াচন্দ্র পাড়া এসবি স্কুলে স্বাস্হ্য শিবিরের আয়োজন করা হয়।
মানিকপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সহায়তায় এই শিবিরে মোট ৯৫ জন গ্রামবাসী চিকিৎসা পরিষেবা নেন। এদের মধ্যে ১১ জন গ্রামবাসীকে ম্যালেরিয়া পজিটিভ হিসাবে চিহ্নিত করা হয়। প্রত্যেকেই প্রয়োজনীয় মেডিসিন দেওয়া হয়।
তাছাড়া স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে খাতা ও কলম বিতরণ করা হয়। অষ্টম ব্যাটেলিয়ান টিএসআর এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট অমৃত দেববর্মা জানান ছামনু প্রত্যন্ত অঞ্চলে এই সময় ম্যালেরিয়া ও ডায়রিয়ার মতো রোগের প্রাদূর্ভাব লক্ষ্য করা যায়। তাই প্রত্যন্ত এলাকাগুলোতে সিভিক একশন প্রোগ্রাম সহ স্বাস্থ্য শিবির আয়োজনের পরিকল্পনা নিয়েছে অষ্টম ব্যাটেলিয়ান টিএসআর ।



















