নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ শুক্রবার লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা মহকুমা শাসক অফিসে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ৷ রক্তদান এখন শুধু রাজধানী আগরতলা শহরের মধ্যে সীমাবদ্ধ নয়৷ রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতেও রক্তদান শিবির সংগঠিত হচ্ছে৷ রক্তদান সম্পর্কে জনগণকে সচেতন করা সম্ভব হচ্ছে বলেই সর্বত্র রক্তদান শিবিরে সারা মিলছে৷ ছৈলেংটা মহকুমা শাসক অফিসে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করে এ কথা বলেন কৃষি কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ৷ তিনি বলেন রক্তদানের বিকল্প কিছু নেই৷ বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি সাধিত হলেও এখনো পর্যন্ত বিজ্ঞানীরা রক্তের বিকল্প কোন কিছু আবিষ্কার করতে পারেননি৷ স্বাভাবিক কারণেই রক্তদানের মধ্য দিয়েই একজন মুমূর্ষ রোগীকে বাঁচানো সম্ভব৷ এই মানসিকতা নিয়েই সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান কৃষি কল্যান মন্ত্রী৷
এদিন রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপসিত ছিলেন ছামনু বিধায়ক সম্বুলাল চাকমা ও এমডিসি সনয় দাস৷
2023-05-12

