নজরুল কলাক্ষেত্রে শুরু চিত্রকলা প্রদর্শনী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারী৷৷  রাজ্যে বহুমুখী শিল্পকলার ধারা বহমান রয়েছে৷ বহু বছর ধরেই লোকসংগীত , লোকনৃত্য,  শাস্ত্রীয় সংগীত , শাস্ত্রীয় নৃত্য প্রথাগত ও আধুনিক চিত্রকলার চর্চা হচ্ছে৷ একটি রাজ্যের শিল্প সংসৃকতির এতগুলি ধারার চর্চা খুব কম জায়গাতেই দেখা যায়৷ শুক্রবার নজরুল কলাক্ষেত্রে  মহারাজা বীরচন্দ্র মানিক্য ভিজুয়াল আর্ট রিসার্চ সেন্টার , বিমল কর ও চিন্ময় রায় আর্ট গ্যালারি,  ধীরেন্দ্রকৃষ্ণ দেব বর্মণ ও ডাক্তার সুমঙ্গল সেন এবং বিপুল কান্তি সাহা আর্ট স্টুডিওর উদ্বোধন করে কথা বলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন৷ উপমুখ্যমন্ত্রী পদ্মশ্রী কলা ঋষি বাবা যোগেন্দ্র- এর জন্মদিন উপলক্ষে সাত দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস,  চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল অভিজিৎ ভট্টাচার্য , ললিতকলা একাডেমির এনইআরসির সদস্য সুমন মজুমদার , আঞ্চলিক সচিব সিতাংসু মোরিয়া৷ আগামী ১৯শে জানুয়ারি পর্যন্ত চলবে চিত্রকলা প্রদর্শনী৷