বিলকিসের আর্জি খারিজ, ১১ ধর্ষক ও খুনির মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি হল না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): বিলকিস বানোর ধর্ষণকারীদের সময়ের আগেই মুক্তি পূনর্বিবেচনা করে দেখার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় ১১ জনের বিরুদ্ধে সেই সময় গর্ভবতী বিলকিস বানোকে ধর্ষণের অভিযোগ ওঠে। তাদের প্রত্যেককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এই বছর স্বাধীনতা দিবসে তাদের প্রত্যেককেই মুক্তি দেওয়া হয়। সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখার আবেদন জানান বিলকিস। শনিবার সেই মামলাই খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে।

বিলকিসের ধর্ষকদের সাজার মেয়াদ শেষের আগে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন জানানো হয়েছিল। রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয় বিলকিসের তরফে। শীর্ষ আদালতের কাছে বিলকিসের আইনজীবী শোভার দাবি ছিল, ধর্ষণ ও খুনের মতো গুরুতর অপরাধে সাজাপ্রাপ্তদের মেয়াদ শেষের আগেই মুক্তির পুনর্বিবেচনা করা হোক। শনিবার সেই আর্জি খারিজ করে দিল আদালত।