নতুন যুগের ভারত তৈরির অর্থ সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা : অনুরাগ ঠাকুর

উনা, ১০ সেপ্টেম্বর (হি.স.): নতুন যুগের ভারত তৈরির অর্থ হল সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা। হিমাচল প্রদেশের উনা জেলার গাগরেট বিধানসভা কেন্দ্রে আয়োজিত “প্রগতিশীল হিমাচল প্রতিষ্ঠার ৭৫ বছর” শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। অনুরাগ বলেছেন, “আমাদের প্রধানমন্ত্রী এবারের স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে আগামী ২৫ বছরে ভারতের জন্য সঠিক দিক নির্দেশনা দেখিয়েছেন। একটি নতুন যুগের ভারত তৈরির অর্থ হল সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা।”

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “আমরা স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছি অর্থাৎ আজাদী কা অমৃত মহোৎসব। আমাদের প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি এবং জনগণের সহযোগিতা নতুন যুগের ভারতকে এগিয়ে নিয়ে যাবে। এগিয়ে যাওয়ার জন্য ভারতকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ হতে হবে।” এদিনের জনসভায় হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেছেন, “পরিবর্তন আনার জন্য আমি রাজ্যের সমস্ত মানুষের প্রতি কৃতজ্ঞ। ৭৫ বছর আগের হিমাচল প্রদেশ এবং এখন একটি বড় পার্থক্য রয়েছে, আমরা অনেক দূর এগিয়েছি। রাস্তাঘাট, স্বাস্থ্য ব্যবস্থা, স্কুল, শিক্ষা ও কৃষি সেক্টর সবই উন্নত হয়েছে।”