নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাড়তি দায়িত্ব পেয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বুধবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্যকে ইস্পাত মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব বৃহস্পতিবার গ্রহণ করেছেন জ্যোতিরাদিত্য, শুরু করে দিয়েছেন নিজের কাজ। সিন্ধিয়া এদিন টুইট করে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদেশানুসারে বৃহস্পতিবার ইস্পাত মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করলাম। সকল শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদে আমি এই নতুন দায়িত্ব পালনের যথাসাধ্য চেষ্টা করব।
প্রসঙ্গত, শুধুমাত্র জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নন, বাড়তি দায়িত্ব পেয়েছেন স্মৃতি ইরানিও। নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি পেয়েছেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের ভার। পদত্যাগী দুই মন্ত্রী মুক্তার আব্বাস নকভি এবং রামচন্দ্র প্রসাদ সিংয়ের মন্ত্রক সামলানোর দায়িত্ব পেয়েছেন জ্যোতিরাদিত্য এবং স্মৃতি। মুক্তার এবং আরসিপির রাজ্যসভার মেয়াদ বৃহস্পতিবার শেষ হয়েছে। তার আগে তাঁরা দু’জন বুধবার মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন।



















