কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স) : শনিবার রাত পোহালেই কলকাতা পুরভোট। তার আগেই উত্তেজনা ছড়াল কলকাতার বালিগঞ্জ প্লেসের অভিজাত এলাকায়। প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়ের অভিযোগ, শুক্রবার রাতে বালিগঞ্জ প্লেসের অভিজাত এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরপর দু’টি বোমা ছোড়ে। বাইকে চেপে এলাকায় তাণ্ডব করে দুষ্কৃতীরা। যদিও এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়।
এলাকার লোকজনের দাবি, বাইকে চেপে তিন জন দুষ্কৃতী গোটা এলাকা দাপিয়ে বেরিয়েছে। পর পর দুটি বোমা ছোড়া হয়েছে। স্থানীয়রা রাস্তার দুটি জায়গা সাদা রঙ দিয়ে চিহ্নিত করে দিয়েছেন। এলাকাবাসীর দাবি, সুদর্শনা মুখোপাধ্যায়ের নাম করে বোমাবাজি করা হয়েছে। সুদর্শনার বক্তব্য, নিজেরাই নিজেদের বাড়িতে বোমা ছুড়ে মিথ্যা অভিযোগ করছে।
তৃণমূল যে তালিকা ঘোষণা করেছিল তাতে ৬৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হিসেবে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়ের নাম ছিল। কিন্তু পরে ওই ওয়ার্ডেই প্রার্থী হওয়ার জন্য দাবি করেন ৮৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। দ্বন্দ্বের সূত্রপাত সেখান থেকেই। দলের নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হওয়ায় চলতি মাসেই তনিমা চট্টোপাধ্যায়কে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় তৃণমূল। এর থেকেই যাবতীয় অশান্তির সূত্রপাত বলে মনে করছেন অনেকে।

